হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন, শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন ১৯ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।গত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। ওই নির্বাচনে দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী তুহিন মালিক হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে গতকাল আবেদন করেন। দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হয়। আদালতে তুহিন মালিকের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস ও রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত।৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি করে গত রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী হাইকোর্টে রিট আবেদন করেন।