ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের করা আবেদন আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির এ দিন ধার্য করেন।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। ৯ ডিসেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। আদেশে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের ওপর গতকাল দুপুরে শুনানি হয়।আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন ও রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলা পরিচালনা করেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। আদালত স্থগিতাদেশ দেননি। বিশ্ববিদ্যালয়ের করা আবেদনটি আগামীকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়।গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। এর ওপর শুনানি নিয়ে ১ ডিসেম্বর আদালত কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন।