হাইকোর্টের ওই রায় বিচারিক বাড়াবাড়ি দাবি টি এইচ খানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বিচারিক বাড়াবাড়ি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আইনজীবী টি এইচ খান। তিনি বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে লিভ টু আপিল মঞ্জুরের বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে টি এইচ খান বলেন, যেদিন আপিল বিভাগ লিভ টু আপিল দায়েরের অনুমতি দিয়েছিলেন, সেদিন আবেদন দায়ের করা নিয়ে বিতর্ক শেষ হয়ে গেছে।পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানিতে গতকাল সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ বলেছেন, রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় ও সাংবিধানিক শূন্যতা এড়াতে পঞ্চম সংশোধনী পাস করতে হয়েছিল। মাঝে আধাঘণ্টা বিরতি দিয়ে দুপুর একটা পর্যন্ত শুনানি গ্রহণ শেষে আদালত আগামী রোববার বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামিদের রায় পুনর্বিবেচনা আবেদনের পর বিষয়টি শুনানির জন্য আসার কথা জানান।দেলোয়ারের কৌঁসুলি: সকাল সাড়ে নয়টায় শুনানিতে অংশ নিয়ে দেলোয়ারের আইনজীবী টি এইচ খান বলেন, এই মামলায় এখতিয়ার একটি মুখ্য বিষয়। এখতিয়ার কার—সংসদের না হাইকোর্টের, তা দেখতে হবে। ১৯৭৫ সালের দায়মুক্তি অধ্যাদেশ ১৯৯৬ সালে সংসদে বিলুপ্ত করা হয়। সংসদের কোনো কর্মকাণ্ড হাইকোর্টের বিচারের বিষয় হতে পারে না। হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করবে সংসদ। তাই সংসদকে কোনো নির্দেশ দিতে পারেন না হাইকোর্ট। সংবিধানের ১০২ অনুচ্ছেদে হাইকোর্টকে ওই ক্ষমতা দেওয়া হয়নি। এই অনুচ্ছেদে রিট এখতিয়ার দেওয়া হলেও এর দুটি দিক রয়েছে—এক. মৌলিক অধিকারের প্রয়োগ, দুই. বিচারিক পরীক্ষা-নিরীক্ষা।সংবিধানের ৪৭ অনুচ্ছেদ তুলে ধরে টি এইচ খান বলেন, এখানে কতিপয় আইনকে হেফাজত করা হয়েছে। সেগুলো অবৈধ ঘোষণার ক্ষমতা হাইকোর্টের নেই। খন্দকার মোশতাক খারাপ কাজ করেছেন, তাতে কি? সংসদ তাঁর কাজের বৈধতা দিয়েছে। তিনি বলেন, ধারাবিবরণী ও রায় এক জিনিস নয়। এই এক যুক্তিতে লিভ মঞ্জুর হয়ে যায়।আদালতের উদ্দেশে টি এইচ খান বলেন, ‘আপনারা অ্যাটর্নি জেনারেলের কথায় চলবেন না। এটি দেশের সর্বোচ্চ আদালত। সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়কে অনেকে জুডিশিয়াল অ্যাডভেঞ্চার বলেন। আমি এটাকে বলি বিচারিক বাড়াবাড়ি।’ এই পর্যায়ে আদালত অপর আবেদনকারীর বক্তব্য শুনতে চান। মওদুদ আহমদ: সকাল সাড়ে ১০টায় শুনানিতে অংশ নিয়ে মওদুদ আহমদ মামলার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ওয়াইজঘাটের মুন সিনেমা হলকে পরিত্যক্ত সম্পত্তির মালিকানা নিয়ে রিটটি দায়ের করা হয়, পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করা হয়নি। মুন সিনেমা হল ফেরত দিতে বলা হয়েছিল। সংবিধান ও আইনকে স্পর্শ না করে সিনেমা হল ফেরত দেওয়া যেত। সরকার চাইলে এখনো ফেরত দিতে পারে। সরকার কিছু সুবিধা নিতে চাইছে। মওদুদ আহমদ বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী সরকার যা কাজ করেছে, তার বৈধতা দেওয়ার কথা সংবিধানে বলা হয়েছে। এরপর পঞ্চম ও সপ্তম সংশোধনী আনা হয়েছে। সাংবিধানিক শূন্যতা এড়াতে এই সংশোধনী আনা হয়। চতুর্থ সংশোধনী না হলে পঞ্চম সংশোধনীর প্রয়োজন হতো না। চতুর্থ সংশোধনীতে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি একদলীয় শাসন কায়েম করা হয়। মার্শাল ল চলছে, রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য পঞ্চম সংশোধনী আনা হয়েছে। শুনানির এই পর্যায়ে মওদুদ আহমদ বলেন, ‘আই সার্ভ টু জেনারেলস।’ উপস্থিত আইনজীবীরা তখন ‘শেম’, ‘শেম’ বলেন। এ সময় এক আইনজীবীর উদ্দেশে মওদুদ আহমদ বলেন, ‘যখন চতুর্থ সংশোধনী এনেছিলেন, তখন মনে ছিল না?’ মওদুদ আহমদ বলেন, পঞ্চম, সপ্তম ও একাদশ সংশোধনীতে জিয়া, এরশাদ ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ক্ষমতায় আরোহণকে বৈধতা দেওয়া হয়েছে। সংশোধনীগুলোর ভাষা একই। আপিল বিভাগের একাধিক রায়ে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছে। শুনানির শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামিদের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। এই পর্যায়ে আদালত রোববার পুনর্বিবেচনার আবেদনের পর এই মামলাটি আসবে বলে জানান।