হাইকোর্টের তথ্য জালিয়াতি দুর্নীতির মামলা স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উচ্চ আদালতের তথ্য জালিয়াতি করে নিম্ন আদালতে বিচারাধীন দুর্নীতির মামলা স্থগিত করানোর অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়র গা ঢাকা দিয়েছেন।দুদকের পক্ষ থেকে আইনজীবী মোজাম্মেল হক বগুড়ার স্পেশাল জজ আদালতে এ ঘটনায় মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত রোববার তিনটি আবেদন দাখিল করেছেন।আবেদনে জামিন বাতিল, স্থগিতাদেশ প্রত্যাহার ও ভুয়া কাগজ দাখিল করায় ফৌজদারি দণ্ডবিধিতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আদালত ২৫ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।মামলা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপির নেতা বেলাল হোসেন। দুদকের তৎকালীন উপপরিচালক আবদুল বাছেদ তদন্ত করে মেয়র জাহাঙ্গীর আলম ও সচিব কার্তিক চন্দ্র দাসের বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন তহবিল থেকে আরও প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পান।প্রায় আট মাস তদন্ত শেষে দুদক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ২০০৮ সালের ৯ জুন অভিযোগপত্র দাখিল করেন।মামলার বিচার চলা অবস্থায় একটি মিস কেসের ভিত্তিতে ২০১০ সালের ৮ ডিসেম্বর এক আদেশে হাইকোর্ট ওই মামলাটির কার্যক্রম স্থগিতের আদেশ দেন—এই মর্মে আদালতের একটি অনুলিপি গত ২৩ ফেব্রুয়ারি বগুড়ার স্পেশাল জজ আদালতে দাখিল করলে মামলাটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে দুদকের আইনজীবী এ কে এম ফজলুল হক হাইকোর্টের মামলার জাবেদা নকল উত্তোলন করে দেখেন, মামলাটি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা থেকে উদ্ভূত ও বাদীর নাম লাভলু ওরফে মিরাজ মাহমুদ। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যে আদেশ দাখিল করা হয়, সেটি জাল ছিল। আইনজীবী ফজলুল হক বিষয়টি দুদককে জানালে এ বিষয়ে আদালতে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। দুদক বগুড়ার আইনজীবী মোজাম্মেল হক বলেন, দুদকের আদেশের পরিপ্রেক্ষিতে বগুড়ার স্পেশাল জজ আদালতে তিনটি আবেদন দাখিল করা হয়েছে। ২৫ জুলাই শুনানির তারিখ ধার্য করা হয়েছে। একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে দুপচাঁচিয়ার পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পৌর মেয়র তাঁর কার্যালয়েও বসেন না।