হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাস্থানগড়ে খনন
হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে আবারও মহাস্থানগড়ে মাজারের পাশে খনন করা হয়েছে। খননকালে যেসব প্রত্নসামগ্রী পাওয়া গেছে তা খননকারীরা লুকিয়ে রাখলেও গতকাল বুধবার তা ফাঁস হয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কর্মকর্তারা এসব প্রত্নসামগ্রী উদ্ধার করেছেন।সম্প্রতি মহাস্থান মাজার কমিটি অনুমতি ছাড়াই মাজারের পাশে অবকাঠামোর নির্মাণকাজ শুরু করে। এতে বাধা দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্ট থেকে মহাস্থানগড় এলাকায় সব ধরনের খননকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও তারা কাজ করতে থাকলে খননকারীদের তলব করেন হাইকোর্ট। এরপর প্রায় এক মাস ধরে কোনো নির্মাণকাজ হয়নি। হঠাৎ করে গত রবি ও সোমবার রাতে মহাস্থান মাজারের পাশে গোপনে খননকাজ করা হয়েছে। এ সময় যেসব প্রত্নতত্ত্ব পাথর ও সামগ্রী পাওয়া গেছে, তা পাশের একটি গর্তে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু গতকাল বিষয়টি ফাঁস হয়ে যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা খবর পেয়ে সেখানে ছুটে যান। তাঁরা গর্তের মাটি সরিয়ে এসব প্রত্নসামগ্রী উদ্ধার করেন। খনন করা জায়গাটি বালু দিয়ে ভরাট করে রাখা হয়েছে। মাজারে দীর্ঘদিন ধরে পড়ে আছেন একজন ভিক্ষুক। তিনি বললেন, ‘৩০ বছর ধরে এটি আছি। বাবার ক্ষতি করলি বাবা কাউরে মাফ করে না। এর আগে গাছ কাটল, ঘর বেচল, খুঁড়ল। তাই বাবার ক্ষতি হইছে বলে হাইকোর্টে গেছে। আবার খুঁড়িছে সেদিন রাতে।’জয়পুরহাটের পাঁচবিবি থেকে আসা ফকির ইব্রাহিম হোসেন বলেন, ‘গত রবি ও সোমবার গভীর রাতে চার-পাঁচজন লোক কোদাল নিয়ে মাজারের পাশে মাটি খোঁড়ে। বড় বড় পাথর নিয়ে পাশের গর্তে ফেলে দিছে।’ মহাস্থান মাজারের প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাজারসংলগ্ন স্থানে খনন করার কথা অস্বীকার করেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। তবে মসজিদের মেঝের কাজের জন্য সেখানে বালু রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞেস করা হয়, যদি খননই না করা হবে তাহলে এসব প্রত্নসামগ্রী কোথা থেকে পাশের গর্তে পাওয়া গেল। জবাবে তিনি বলেন, ‘কেউ হয়তো অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ফেলে রেখেছে।’ মহাস্থান মাজার উন্নয়ন কমিটির সদস্য শরিফুল ইসলাম এই খনন বিষয়ে কিছু জানেন না বলে জানান।মহাস্থান জাদুঘরের জিম্মাদার নাহিদ সুলতানা বলেন, ‘মহাস্থান মাজার কমিটি হাইকোর্টের নির্দেশ অমান্য করে এই কাজ করেছে। এই খননের ফলে সেখানে থাকা গুপ্ত ও পাল আমলের বেলেপাথর ও কালোপাথর পাওয়া গেছে। ধ্বংস করা হয়েছে পুরোনো আমলের অবকাঠামো।