হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে চলছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়া গ্রামে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে একটি ভাটায় ইট পোড়ানো অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মালিকপক্ষের দাবি, তাঁদের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, তাই হাইকোর্টের নির্দেশের বিষয়ে যা কিছু করার অধিদপ্তর করবে।কুচিয়া গ্রামের এবিএফ নামের ওই ইটভাটাকে পরিবেশবিরোধী দাবি করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট আবেদনটি গত ৪ জানুয়ারি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে ওই ইটভাটাকে কেন পরিবেশবিরোধী ঘোষণা, ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, ফসলি জমি থেকে ভাটাটি কেন সরিয়ে নেওয়া হবে না—তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি ছয় সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে রুল জারি করেন আদালত। এ সময়কালে ভাটার কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। বেলার আইনজীবী ইকবাল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।আদালতের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (আইন) মো. জিয়াউল হক গত ২২ জানুয়ারি এবিএফ ইটভাটা বন্ধের ব্যবস্থা নিতে অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালককে চিঠি দেন। ঢাকা অঞ্চলের পরিচালক ওই দিনই চিঠিটি ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর পাঠান। ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা (বর্তমানে মানিকগঞ্জে কর্মরত) জানান, তিনি ২৫ জানুয়ারি চিঠিটি হাতে পান। কিন্তু বদলিজনিত ব্যস্ততার কারণে ব্যবস্থা নিতে পারেননি। কিন্তু নতুন যোগ দেওয়া উপপরিচালককে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। তবে নতুন যোগ দেওয়া উপপরিচালক মো. মকবুল হোসেন ৩০ জানুয়ারি প্রথম আলোকে জানান, চিঠিটি এখনো তাঁর নজরে আসেনি। তিনি দ্রুত এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুয়েত শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান, জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সারেকুল হাসান, মো. আকরামুজ্জামান তালুকদার ও মো. গোলাম কিবরিয়া যৌথভাবে ২০১০ সালে এবিএফ ইটভাটাটি প্রতিষ্ঠা করেন। অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় গত বছরের ৮ মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অভিযান চালিয়ে মালিকপক্ষকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া প্রায় তিন লাখ কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়। অগ্নিনির্বাপক দলের সহায়তায় নিভিয়ে দেওয়া হয় চিমনির আগুন। অভিযানের পর ওই বছরের ২১ এপ্রিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস এবিএফ ইটভাটাকে অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে জেলা প্রশাসকের দপ্তরে একটি প্রতিবেদন দেন।এদিকে মালিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২ মে পরিবেশ অধিদপ্তর ১৮টি শর্তে ওই ইটভাটা পরিচালনার অবস্থানগত ছাড়পত্র (সাময়িক) দেয়। পরিবেশ অধিদপ্তরের চিঠির শর্তগুলোর মধ্যে দুই একরের বেশি জমি ইটভাটার কাজে ব্যবহার করা যাবে না বলে উল্লেখ রয়েছে। আরও একটি শর্তে রয়েছে এক, দুই ও তিন ফসলি উর্বর জমিতে ইটভাটা করা যাবে না। ইটভাটার অন্যতম পরিচালক মো. সারেকুল হাসান দাবি করেন, অধিদপ্তরের চিঠির আলোকে ভাটার বিদ্যমান ১২০ ফুট উঁচু চিমনিকে জিগজ্যাগে রূপান্তর করা হয়েছে। এ ছাড়া অন্যান্য শর্ত পূরণ করে ভাটার কার্যক্রম শুরু করা হয়েছে। খুব শিগগির পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে গত ২৯ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, ভাটাটিতে ইট পোড়ানো ও কাঁচা ইট তৈরির কাজ পুরোদমে শুরু হয়েছে। ব্যবস্থাপক প্রমোদ রঞ্জন কুণ্ডু জানান, প্রথম দফায় আট লাখ ইট পোড়ানোর জন্য ২৫-২৬ দিন আগে ভাটায় আগুন দেওয়া হয়েছে। এবার প্রায় ৩০ থেকে ৪০ লাখ ইট পোড়ানোর প্রস্তুতি রয়েছে। পরিচালক (অংশীদার) শেখ আবুল হোসেন বলেন, ভাটাটি ১০ থেকে ১২ একর জায়গাজুড়ে রয়েছে।ভাটাসংলগ্ন নওয়াপাড়া গ্রামের কৃষক মো. সাইফুল মোল্লা জানান, ওই ভাটার মধ্যে তাঁদের ৩৬ শতাংশ কৃষি জমি রয়েছে। সেখানে ধান, পাট ও রবিশষ্য ফলত। ভাটার কাজ শুরু হওয়ার পর বাধ্য হয়ে ভাটার মালিকদের কাছে ইজারা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইটভাটার চার পাশের একাধিক বাসিন্দা জানান, তাঁদের সঙ্গে পেরে ওঠার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে নিজের ক্ষতি মেনে নিয়েই এখানে বসবাস করতে হচ্ছে।ইটভাটার আরেক পরিচালক মো. সারেকুল হাসান জানান, হাইকোর্টের রিটের বিষয়টি তিনি শুনেছেন। তবে পরিবেশ অধিদপ্তর যেহেতু ছাড়পত্র দিয়েছে, তাই তারা বিষয়টি দেখবে। দুই একরের বেশি জমি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, তাঁরা নিজেরাও জানে দুই একরে কখনো ইটভাটা করা সম্ভব নয়। একজন মন্ত্রীর নাম উল্লেখ করে তিনি দাবি করেন, ‘মন্ত্রী আমাদের বলেছেন, যেহেতু ভাটার চিমনিটি জিগজ্যাগ করা হয়েছে, তাই এ ব্যাপারে আর কোনো সমস্যা নেই।’