হাইকোর্টের নির্দেশ উপেক্ষা ১৪৫ শিশু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৬৭টি কারাগারে ১৪৫ শিশু আটক আছে। শিশুদের এভাবে আটক রাখা আইনের পরিপন্থী এবং হাইকোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষায় করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন সাবেক আইজিপি ও আইন কমিশনের সদস্য ড. এম এনামুল হক। আলোচক ছিলেন সাবেক আইজিপি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম আজিজুল হক, সাবেক সচিব নাজমুল আহসান চৌধুরী, সাবেক আইজিপি এম সহীদুল ইসলাম চৌধুরী ও সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম। এ বি এম জি কিবরিয়া বলেন, সরকার অনুমোদিত ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯’ শিশুদের অধিকার রক্ষার সর্বজনীন মানদণ্ড। এ ব্যাপারে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একাধিক নির্দেশনা থাকলেও সে নির্দেশনা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না।ড. এম এনামুল হক বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইন প্রয়োগে জটিলতা, অনীহা, দীর্ঘসূত্রতা ইত্যাদি কারণে শিশুরা অনির্দিষ্টকাল কারাগারে আটক থাকতে বাধ্য হচ্ছে। সাবেক আইজিপি এম সহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের সবাইকেই শিশুদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করতে হবে। কারাবন্দী শিশুদের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।’ সাবেক সচিব নাজমুল আহসান চৌধুরী বলেন, শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য আরও সরকারি উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম বলেন, শিশু অধিকার সনদ, শিশু আইন, বহু পূর্বে প্রণীত পেনাল কোড এবং ফৌজদারি কার্যবিধিতেও বয়স অনুপাতে শিশুদের প্রতি মানবিক আচরণের কথা বলা হয়েছে।সমিতির মহাসচিব সাবেক পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ‘শিশুর সঙ্গে কোনোক্রমেই বিরূপ আচরণ করা যাবে না, বরং আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতিশীল আচরণ শিশুর জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।’