হাইকোর্টের নির্দেশ মেনে বুড়িগঙ্গার সীমানা নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বুড়িগঙ্গার সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। তাঁরা নদীর তীর থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও কঠোর শাস্তির দাবি জানান। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘বুড়িগঙ্গা সীমানা পিলার: আদালতের রায় ও বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপার নামের একটি সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বুড়িগঙ্গার সীমানা নির্ধারণে হাইকোর্টের নির্দেশ অনুসরণ করা হচ্ছে না উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পাগলা, ফতুল্লা, আলীগঞ্জ, দক্ষিণ পানগাঁও এলাকায় যথাযথভাবে জরিপ না করে দখলদারদের বহাল রেখে সীমানা খুঁটি বসানো হয়েছে। কালিন্দি এলাকার নদীর পাশে ঢালাই করা রাস্তা থাকা সত্ত্বেও সরকারি অর্থ অপচয় করে রাস্তার ওপর খুঁটি বসানো হয়েছে। বুড়িগঙ্গার উজানে বর্ষা মৌসুমে নদীর সীমানা অথবা অবধারিত প্লাবন অঞ্চল অবজ্ঞা করে নদী সংকুচিত করে পিলার বসানো হয়েছে।বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, হাইকোর্টের রায়ের পরও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিশিষ্ট লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল। এদিকে শুক্রবার সকালে বুড়িগঙ্গার তীরে শ্মশানঘাটে লোহার সেতুর কাছে মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নেতারা বুড়িগঙ্গার মূল প্রবাহ ভরাট ও দখল বন্ধের দাবি জানিয়েছেন।