হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে সান্তাহারের প্লাস্টিক কারখানাটি চলছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ছে বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানা। মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হেমতখালী এলাকায়
ছবি: প্রথম আলো

ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যু হওয়া বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের প্লাস্টিকের থালা তৈরির কারখানাটি হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে পণ্য উৎপাদন কার্যক্রম চলছিল। বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে কারখানাটির ছিল না পরিবেশগত কোনো ছাড়পত্র।

পৌনে দুই বছর আগে কারখানা কর্তৃপক্ষ ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করলেও ক্ষতিকর একবার ব্যবহার উপযোগী প্লেট, গ্লাসসহ প্লাস্টিক পণ্য উৎপাদনে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় আবেদনটি বাতিল করে দেওয়া হয়। এরপর পরিবেশ ছাড়পত্র ছাড়াই সেখানে প্লাস্টিক পণ্য উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল।

সান্তাহার পৌরসভার সান্তাহার-তিলকপুর সড়কে হবির মোড় এলাকায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। নওগাঁ ও বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করেন।

কারখানার রিফাইনারি মেশিনে (শোধনাগার যন্ত্র) অতিরিক্ত চাপের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

পরিবেশ অধিদপ্তর রাজশাহীর বিভাগের পরিচালক সুফিয়া নাজিম প্রথম আলোকে বলেন, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পণ্য (ওয়ান টাইম পণ্য) উৎপাদন চলছিল। পরিবেশ ছাড়পত্রের জন্য কারখানা মালিক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন গত বছরের ৪ মার্চ অধিদপ্তরে আবেদন করেছিলেন। কিন্তু পলিথিন ও একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকায় পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি। এ কারণে ১৮ মার্চ আবেদনটি বাতিল করে দেওয়া হয়। পরে ছাড়পত্র ছাড়াই উৎপাদন কার্যক্রম চললেও অধিদপ্তরে জনবল–সংকটে সেখানে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

গ্নিকাণ্ডের পর থেকে কারখানাটি বন্ধ আছে। কারখানাটি আর যাতে চালু করতে না পারে, এ জন্য পরিবেশ অধিপ্তর নজর রাখবে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আরও ৩ প্লাস্টিক কারখানা চলছে
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় প্লাস্টিক পণ্য ও একবার ব্যবহার উপযোগী (ওয়ান টাইম পণ্য) পণ্য উৎপাদন বন্ধে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) গত বছরের জানুয়ারি মাসে হাইকোর্টে একটি রিট করে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানসহ আটজনকে বিবাদী করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ ৬ জানুয়ারি পলিথিন ও প্লাস্টিক ব্যবহার রোধে পরিবেশ আইনের প্রয়োগ নিশ্চিত করাসহ প্লাস্টিক পণ্য ও একবার ব্যবহার্য পণ্য উৎপাদন বন্ধের আদেশ দেন। একই সঙ্গে এই বছরের ৫ জানুয়ারির মধ্যে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছিলেন আদালত। বেলার ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একবার ব্যবহার উপযোগী পণ্য উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেওয়ায় কোনো প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি। অথচ হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বগুড়ার আরও দুটি এবং সিরাজগঞ্জের একটি কারখানায় একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পণ্য উৎপাদন করা হচ্ছে।

চার কারখানার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, হাইকোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সান্তাহারের বিআইআরএস প্লাস্টিক কারখানা ছাড়াও অপর তিনটি কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অন্য তিনটি কারখানা হলো বগুড়ার শহরতলির দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক এলাকার কমল ট্রেডিং লিমিটেড, সান্তাহার এলাকার এসএসবি প্লাস্টিক কারখানা লিমিটেড এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের এবি প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড।

পরিবেশ অধিদপ্তর বলছে, কমল ট্রেডিং নামে কারখানায় প্লাস্টিক পণ্য উৎপাদনে পরিবেশগত ছাড়পত্রের চেয়ে গত বছরের ৪ ফ্রেব্রুয়ারি আবেদন করেন মালিক কমল আগরওয়ালা। ১১ মার্চ আবেদনটি বাতিল করা হয়। চলতি বছরের ১৬ আগস্ট কারখানা মালিকের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশের কোনো জবাব না দিয়ে কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন মালিক।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য যত্রতত্র নিক্ষেপের ফলে পরিবেশদূষণ, পরিবেশ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা আছে, ফলে এসব যত্রতত্র নিক্ষেপ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব পণ্য উৎপাদনে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে একবার ব্যবহার্য পণ্য উৎপাদন, পরিবহন, মজুত ও বাজারজাত বন্ধ করে ১০ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে কমল আগরওয়ালা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়া হয়নি। তবে পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করে মৌখিকভাবে সময় চেয়ে কারখানা চালু রাখা হয়েছে। এখন নথিসহ জবাব তৈরি করা হচ্ছে। শিগগিরই নোটিশের লিখিত জবাব দেওয়া হবে।

এদিকে সান্তাহারের এসএসবি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পরিবেশ ছাড়পত্রের জন্য কোনো আবেদনই করেনি। সিরাজগঞ্জের এবি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক অতনু আশিক চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পরিবেশ ছাড়পত্র চেয়ে আবেদন করেন। ২৫ ফ্রেব্রুয়ারি আবেদন বাতিল করা হয়। এ বছরের ১০ আগস্ট কারখানাটি পরিদর্শন করে পরিবেশ অধিপ্তর। ১৬ আগস্ট কারখানা মালিকের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

এসব বিষয়ে জানতে চাইলে সান্তাহারের বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন দাবি করেন, প্লাস্টিক পণ্য উৎপাদনে তাঁর কারখানাটির পরিবেশ বিষয়ে ছাড়পত্র রয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে কারখানার অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়েছিল। আইন মেনেই কারখানায় উৎপাদন চালু ছিল।