হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় চলছে
বরগুনার ২৬টি পথে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করে যাত্রীরা বাসমালিক ও শ্রমিকদের দ্বারা প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছে।জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা গতকাল বুধবার অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘দুই দফায় তেলের দাম বাড়ালেও আমরা ভাড়া বাড়াইনি। আগে অবশ্য সাত-আট টাকা বাড়তি ভাড়া নিতাম। এখন এক-দেড় টাকা বেশি নিই। কারণ, সরকার আমাদের কোনো বাসস্ট্যান্ড করে দেয়নি। স্ট্যান্ডের জন্য জমি ভাড়া নিতে হয়। তাই কিছুটা বেশি নিই।’জানা গেছে, গত ১ জানুয়ারি আন্তজেলার বাসভাড়া পুনর্নির্ধারণ করে সরকার যে প্রজ্ঞাপন জারি করে, তাতে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয় এক টাকা ৩৫ পয়সা। গত ২ ফেব্রুয়ারি থেকে এই ভাড়ার হার কার্যকর হয়। হাইকোর্টের একটি বেঞ্চ গত বছরের ২৩ মে বাসভাড়ার ব্যাপারে সরকারের প্রতি একটি নির্দেশনা জারি করেন। ওই নির্দেশনা অনুযায়ী সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের কাউন্টারে টাঙিয়ে দেওয়া বাধ্যতামূলক করা হয়। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে স্থানীয় প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ারও আদেশ দেওয়া হয়।বরগুনার বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, কোনো বাস কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো হয়নি। যাত্রীদের সূত্রে জানা যায়, ২৩ কিলোমিটার দূরত্বের বরগুনা-নিশানবাড়িয়া সড়কে সরকার-নির্ধারিত ভাড়া ৩১ টাকা। অথচ আদায় করা হচ্ছে ৫০ টাকা। বরগুনা-বেতাগী ৩৭ দশমিক ৭ কিলোমিটারে ভাড়া হওয়ার কথা ৪৬ টাকা, কিন্তু আদায় করা হচ্ছে ৬০ টাকা। বরগুনা-নিয়ামতি ৪৪ কিলোমিটার রাস্তায় ৬৯ টাকার স্থলে ভাড়া নেওয়া হচ্ছে ৭৫ টাকা। এ ছাড়া বরগুনা থেকে বেতাগী পর্যন্ত ১০টি স্টপেজ থেকে ভাড়ার হিসাব করে দেখা গেছে, তাতে বরগুনা থেকে বেতাগী পর্যন্ত যেতে একজন যাত্রীর ৯০ টাকা, নেয়ামতি পর্যন্ত যেতে ১০০ টাকা লাগে।অতিরিক্ত বাসভাড়া আদায়ের সত্যতা যাচাইয়ের জন্য ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসকের করা ১০ সদস্যের তদন্ত কমিটির তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। ২০১০ সালের ২৫ মার্চ জেলা প্রশাসকের কাছে কমিটি প্রতিবেদন জমা দেয়। বিআরটিএ বরিশাল কার্যালয়ের পরিদর্শক আইউব আনসারী বলেন, ‘হাইকোর্টের এমন কোনো নির্দেশনা আমরা পাইনি। পেলে অবশ্যই তা কার্যকর করার পদক্ষেপ নেব।’ জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত যানবাহনের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালাচ্ছি। এত দিন আমরা যানবাহনের ফিটনেস, চালকদের লাইসেন্স এবং অন্যান্য বিষয়ের দিকে বেশি গুরুত্ব দিয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা এখন থেকে নজরদারি বাড়াব।’