হাইকোর্টের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু তুলছেন ঠিকাদার। এমনকি উচ্চ আদালতের আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি গ্রামের কানাইনগর ও বাহেরচর মৌজায় বালু উত্তোলন বন্ধের বিষয়ে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গত ১২ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বালু উত্তোলনে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। একই সময় বালু উত্তোলন কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতে বেলার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ইকবাল কবির। রিটে বলা হয়, উপজেলার কানাইনগর ও বাহেরচর মৌজা (৭৫ একর) ও সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গ্রামের বাড়িঘর, বসতভিটা, কৃষিজমিতে ভাঙন দেখা দিচ্ছে এবং পাওয়ারস্টেশন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইজারার মাধ্যমে বালুমহাল বন্দোবস্ত দেওয়া হলেও (বালুমহালের) নির্দিষ্ট সীমা অতিক্রম করে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করছে মা এন্টারপ্রাইজ। পাওয়ারস্টেশন থেকে এক হাজার ফুট উত্তরে বালু উত্তোলন করা যাবে না বলে উল্লেখ থাকলেও ইজারাদার তা মানছেন না।বেলার আইনজীবী ইকবাল কবির বলেন, উচ্চ আদালতের নির্দেশনা না মানায় আদালত অবমাননা হচ্ছে। এ বিষয়ে তাঁরা পরবর্তী সময়ে ব্যবস্থা নেবেন।ইউএনও শোয়াইব আহমাদ খান আদালতের নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে বলেন, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান জানান, তিনি কোনো চিঠি বা নির্দেশনা পাননি।