হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করায় কর্মস্থলে যৌন হয়রানি কমেছে
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকার কাজ করছে। সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ আমলে নেওয়ার জন্য কমিটি করা হয়েছে। মন্ত্রণালয় সবকিছুই নজরদারি করছে।
আজ বৃহস্পতিবার মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের সমন্বয়ে কর্মস্থলে যৌন হয়রানি রোধে অবহিতকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষেÿঅনুষ্ঠিত কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করায় কর্মস্থলে যৌন হয়রানি কমেছে। তবে অভিযোগ কমিটিগুলো নিয়মিত প্রতিবেদন পাঠাচ্ছে না। অভিযোগ পাওয়ার সংখ্যা শূন্য হলেও নিয়মিত প্রতিবেদন পাঠাতে হবে।
মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী সভাপতির বক্তব্যে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে প্রত্যেক কমিটিকে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।