হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার সৈকতে উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত দখলমুক্ত করতে গতকাল সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দুপুর পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট ও পাশের ঝাউবাগানে শতাধিক ঝুপড়িদোকান উচ্ছেদ করা হয়েছে। একই সময়ে ভ্রাম্যমাণ আদালত সৈকতের সি-ইন পয়েন্টে নোংরা পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশ দূষণের দায়ে একটি রিসোর্টকে ৩০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের দুই কর্মীকে তিন মাসের কারাদণ্ড দেন।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শুকুর আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। শুকুর আলী জানান, সুগন্ধা পয়েন্ট থেকে শতাধিক শামুক-ঝিনুকের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা হয়। সৈকতের কলাতলী, লাবণী, শৈবাল, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট পর্যন্ত সৈকত দখল করে তৈরি অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।১০ জানুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সাত দিনের মধ্যে সমুদ্রসৈকতে স্থাপিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা পলিশ সুপার ও সদর থানার ওসিকে নির্দেশ দেন। একই সঙ্গে তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসককে একটি বিশেষ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।শুকুর আলী জানান, ‘হাইকোর্টের নির্দেশের কপি ২১ জানুয়ারি আমাদের হাতে এসেছে। ওই নির্দেশ অনুযায়ী ২৭ জানুয়ারির মধ্যে (সাত দিন) সৈকতের সব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। গণবিজ্ঞপ্তি জারি করে সৈকতের বিভন্ন স্থান ও ঝাউবাগানের সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এখন এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ২৭ জানুয়ারির পর বড় বড় স্থাপনা উচ্ছেদ করা হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে ইনানী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ সৈকতে কয়েক শ একর সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে অসংখ্য হোটেল-মোটেল, মার্কেট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। লাবনী পয়েন্টে ৪ দশমিক ৩৫ একর মূল্যবান খাসজমি দখল করে বাংলোসহ বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলে আটটি সরকারি দপ্তর। গত ১৯ ডিসেম্বর এই আটটি দপ্তরের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ, বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও জেলা পরিষদের দখলে জমি রয়েছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে তিন মাসের মধ্যে সৈকতের সীমানা নির্ধারণে বিশেষ কমিটি গঠন, খুঁটি পুঁতে সৈকত এলাকা চিহ্নিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলছে।