সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসি) নির্বাচনী ফল ঘোষণা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া নির্দেশনার স্থগিতাদেশ চেয়ে চট্টগ্রাম চেম্বারের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। এর ফলে চেম্বারের ফল ঘোষণায় কোনো আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। জানা যায়, ৭ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হয়। এর আগে প্রার্থী চট্টগ্রাম চেম্বার পরিষদ প্যানেলের নেতা এম এ ছালামের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন। ওই নির্দেশনা অনুসরণ না করে নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার অভিযোগ এনে ফল ঘোষণার ওপর (সাধারণ সভার এক নম্বর অ্যাজেন্ডা) স্থগিতাদেশ চেয়ে চেম্বারের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী আজফার আলী হাইকোর্টে আরেকটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২১ ডিসেম্বর বিচারপতি মো. আবদুল হাইয়ের নেতৃত্বাধীন হাইকোর্টের একক অবকাশকালীন বেঞ্চ নির্বাচনী ফল ঘোষণা ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। ২২ ডিসেম্বর চেম্বারের সাধারণ সভায় ফল ঘোষণার কথা ছিল। হাইকোর্টের এ নির্দেশনার স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।আদালতে চেম্বারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী নরুল ইসলাম ও মো. ফাহমিদ সারোয়ার মামলা পরিচালনা করেন। রফিক-উল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করেছিলেন হাইকোর্ট। আপিল বিভাগ ছয় সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করেছেন। এর ফলে নির্বাচনের ফলাফল ঘোষণায় আইনি কোনো বাধা নেই।