হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্জুরুল ইসলাম
মন্জুরুল ইসলাম

শিশু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণ-সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার করা এই আবেদনের ওপর শুনানি হবে আজ বুধবার। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দিন ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হলে আসামিপক্ষ আদালতের কাছে সময় চায়। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন।’
সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাংসদ মন্জুরুলের আগাম জামিন আবেদন নাকচ করে তাঁকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
নাগরিক ঐক্যের ব্যাখ্যা: গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘আসলেন, গুলি করলেন, এ ধরনের কাহিনি সিনেমায় দেখতাম’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। ব্যাখ্যায় বলা হয়েছে, নাগরিক ঐক্য নামে সুন্দরগঞ্জে গতকাল সাংসদ মন্জুরুলের পক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বরং নাগরিক ঐক্য সাংসদ মন্জুরুলের সন্ত্রাসী কাজের প্রতিবাদ এবং তাঁর শাস্তির দাবি জানিয়েছে।