হাইকোর্টের নির্দেশনায় মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে গিয়েও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে মনোনয়নপত্র জমা দিতে না পারা প্রার্থীরা হাইকোর্টের নির্দেশে অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে না পারা প্রার্থীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং মো. সাইদুর রহমান দুইটি রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ শুনানি শেষে বিকেল চারটায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। একই সঙ্গে মনোনয়নপত্র বাছাইয়ের নির্দেশ দেন। 

প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ মার্চ বিকেল পাঁচটা। কিন্তু তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। পরে নির্বাচন কমিশনে গিয়ে প্রার্থীরা অভিযোগ করেন, তাঁরা সঠিক সময়ে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু কর্মকর্তাদের ‘গাফিলতি’র কারণে তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। গত সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে দিনভর ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হতে ইচ্ছুক ২৫-৩০ জন অভিযোগকারী। যুব মহিলা লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের এই নারী-পুরুষেরা তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য পৃথক আবেদন জানান। অভিযোগকারীদের পক্ষে তিনজন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও দেখা করেন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেছিলেন, এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১১ দিন সময় দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার পর মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এ ক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।
আনুষ্ঠানিকভাবে নিয়ম মেনে অগ্রসর হওয়ার পরও কোনো লাভ না হওয়ায় প্রার্থীরা আইনের আশ্রয় নেন। আজ সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (যাত্রাবাড়ী, ডেমরা থানা) এ কে এম নুরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রথম আলোকে জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে অপেক্ষা করতে বলেছেন দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কার্যালয়ের সংশ্লিষ্টরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে জানান, প্রার্থীরা সময়মতো মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপস্থিত হলেও তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি। পরে নির্বাচন কমিশনও এ বিষয়ে সিদ্ধান্ত দিতে গড়িমসি করে। এ ধরনের ‘অবৈধ’ কাজকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। পরে কোর্ট মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেন।
সাইদুর রহমান দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থী এ কে এম নুরুজ্জামান, মতিউর রহমান, লোকমান হোসেন, সোহরাব হোসেন এবং উত্তরের প্রার্থী সেতু রহমান, হাসনা বেগম এবং আলেয়া আক্তারের পক্ষে মামলা পরিচালনা করেন।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বাদীরা নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে উপস্থিত থাকা সত্ত্বেও তাঁদের মনোনয়নপত্র গ্রহণ না করাকে কেনো বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে আদালত চার সপ্তাহের রুল জারি করেন। তিনি মাহমুদা বেগমসহ ছয়জন (চারজন উত্তর ও দুজন দক্ষিণ) প্রার্থীর পক্ষে রিট মামলাটি করেন।