হাইকোর্টের নির্দেশনায় মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে গিয়েও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে মনোনয়নপত্র জমা দিতে না পারা অভিযোগকারীরা আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট অভিযোগকারীদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এরপরই প্রার্থীরা ছুটছেন মনোনয়নপত্র জমা দিতে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ মার্চ বিকেল পাঁচটা। অভিযোগকারী প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন, তাঁরা সঠিক সময়ে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন কিন্তু কর্মকর্তাদের ‘গাফিলতি’র কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কিন্তু কমিশন থেকে এ ব্যাপারে কোনো কিছু করা সম্ভব নয় বলে জানিয়ে দিলে অভিযোগকারীরা প্রথম আলোকে জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে নিয়ম মেনে অগ্রসর হওয়ার পরও কোনো লাভ না হওয়ায় তাঁদের আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবতে হচ্ছে।
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক এ কে এম নুরুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জানান, তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন। একই কথা জানালেন অপর প্রার্থীরা।
গত সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে দিনভর ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী হতে ইচ্ছুক ২৫-৩০ জন অভিযোগকারী। যুব মহিলা লীগ, বিএনপিসহ বিভিন্ন দল ও সংগঠনের এই নারী-পুরুষেরা তাঁদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য পৃথক আবেদন জানান। অভিযোগকারীদের পক্ষে তিনজন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গেও দেখা করেন।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেছিলেন, এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১১ দিন সময় দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার পর মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এ ক্ষেত্রে বিশেষ বিবেচনারও কোনো সুযোগ নেই।