হাইকোর্টের নির্দেশে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক পেটানোর ঘটনায় অবশেষে বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে মিন্টুর ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। একজন আইনজীবীর উচ্চ আদালতে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকদের দেওয়া আদেশ পেয়ে তালতলী থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে মামলা লিপিবদ্ধ করে। ওই রাতেই আলী আহম্মদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৩ জুলাই উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষককে জনসমক্ষে পিটিয়ে জখম করেন এবং পরে সাদা স্ট্যাম্পে জোর করে তাঁর সই নেন। জমি দখলে ওই নেতাকে বাধা দেওয়ায় তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে বলে ওই শিক্ষকের অভিযোগ।
পুলিশ জানায়, প্রথম আলোসহ কয়েকটি সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হাইকোর্টের আইনজীবী মো. ইসতিয়াক আহম্মেদ একটি রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ গত সোমবার এক আদেশে বরগুনা জেলা পুলিশ সুপার ও তালতলী থানার ওসিকে আদেশ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ (রেকর্ড) করার নির্দেশ দেন। একই সঙ্গে শিক্ষকের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার ও শিক্ষকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে এসব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাত দিনের মধ্যে আদালতে জমা দিতে বলেন। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানের ক্ষমতার অপব্যবহার ও গুরুতর অসদাচরণের বিষয় তদন্ত করে আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।
উচ্চ আদালতের আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে তালতলী থানায় একটি মামলা করা হয়। নির্যাতনের শিকার শিক্ষক সুন্দর আলী বাদী হয়ে মামলাটি করেন। এতে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, তাঁর সহযোগী জাকিরতবক সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন ও আলী আহম্মদ এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। রাতেই তালতলী থানার পুলিশ আসামি আলী আহম্মদকে গ্রেপ্তার করে।
মামলার বাদী গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেনি। শুক্রবার (গতকাল) সকাল নয়টার দিকে উপজেলা চেয়ারম্যান তালতলী বন্দরে তাঁর বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে গেছেন।’ তবে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘আমরা তাঁকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।’