হাইকোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ
বরিশাল সিটি করপোরেশনের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিএম কলেজের পশ্চিম পাশে মোজাফফর চৌধুরীর বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ও গাছ কেটে নর্দমা (ড্রেন) নির্মাণ করার অভিযোগ উঠেছে।কলেজ রোডের ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সিটি করপোরেশন উন্নয়নের নামে জোর করে তাঁদের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙে এবং কয়েকটি নারিকেল ও আম গাছ কেটে ফেলে।পরিবারের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এফ এম আবদুল নঈম প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অমান্য করে কাজ করার কারণে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৩ মার্চ আদালত অবমাননার মামলা করি। আদালত পুলিশকে প্রতিবেদন দিতে বললেও পুলিশ নিশ্চুপ রয়েছে। অন্যদিকে সিটি করপোরেশনের মেয়রসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ পাঠানো হলেও তাঁরা তা গ্রহণ পর্যন্ত করেননি।’পরিবারের আরেক সদস্য আবদুল আলীম বলেন, ‘গত ৪ জানুয়ারি কোনো নোটিশ ছাড়াই বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। এর আগে সীমানাপ্রাচীর ভাঙা হবে—এমন আভাস পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেছিলাম। তখন চার সপ্তাহের স্থিতাবস্থার আদেশের কাগজ দেখানোর পরও তারা দেয়াল ভেঙে দেয়। পরে গত ১৫ ফেব্রুয়ারি আরেকটি রিট দায়ের করলে আদালত ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিটি করপোরেশনের লোকজন এসে জোর করে মাটি কেটে নর্দমা নির্মাণ করেন।’এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল আদালতের নিষেধাজ্ঞাপত্র পেয়েছি এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে। তবে দেয়াল ভাঙা ও গাছ কাটার বিষয়টি আমি সঠিকভাবে বলতে পারব না।’