নদী রক্ষায় হাইকোর্টের রায় অমান্যকারীদের কঠোর শাস্তি দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ঢাকা ও চারপাশের নদীপাড়ের ৫০ মিটার অংশ শেষে নদীর সীমানা নির্ধারণী খুঁটি বসানোর এবং ইতিমধ্যে বসানো ভুল স্থানের খুঁটিগুলো অপসারণেরও দাবি জানায় বাপা।
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাপার বুড়িগঙ্গা রিভারকিপার ও পিপলস সার্ক ওয়াটার ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে নদীর অংশে দৃশ্যমান বেআইনি দখলদারদের তৈরি স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, হাইকোর্টের রায় অমান্যকারী ও সরকারি অর্থের অপচয়কারী প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ বিচারের সম্মুখীন করা না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকেবে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপার সহসভাপতি রাশেদা কে চৌধুরী, পিপলস সার্ক ওয়াটার ফোরামের সদস্যসচিব ও বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধা। বিজ্ঞপ্তি।