প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অবৈধ বলা হয়েছে। এ রায় যতক্ষণ বহাল আছে, ততক্ষণ তা সবাইকে মানতে হবে।
গতকাল রোববার জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের এসব কথা বলেন। তবে জামায়াত দাবি করেছে, দলটির নিবন্ধনের বিষয়টি বিচারাধীন। তাই দলটির নিবন্ধনকে অবৈধ বলার সুযোগ নেই।
জামায়াতের কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সিইসির সঙ্গে বৈঠক করে। তাঁরা জামায়াতের নিবন্ধন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের ভোটাধিকার বাতিল প্রসঙ্গে লিখিত বক্তব্য দেন।
প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে আবদুল্লাহ তাহের সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত জামায়াতের নিবন্ধন অবৈধ বলার সুযোগ নেই। জামায়াতের নিবন্ধনের বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেওয়ার আইনগত ভিত্তি নেই।
তাহের আরও বলেন, জামায়াত এখনো নিবন্ধিত রাজনৈতিক দল। আগামী নির্বাচনে অংশ নেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। সিইসি এ বিষয়ে একমত হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে বিকেলে সিইসি বলেন, ‘আমরা জামায়াতের বক্তব্য শুনেছি। হাইকোর্টের রায় যতক্ষণ বহাল থাকছে, ততক্ষণ আদালতের আদেশ সবাইকে মানতে হবে। এ বিষয়ে তাদের সঙ্গে একমত হওয়ার কিছুই নেই।’
কাজী রকিব উদ্দীন বলেন, ‘রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা এখনো পাইনি। শিগগির তা পাব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় ৩ অক্টোবর অনুষ্ঠেয় বরগুনা উপনির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলে সিইসি ইতিমধ্যে জানিয়েছেন।
ইসির ওয়েবসাইটে জামায়াত অবৈধ: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে যেসব হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক ১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।