হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পরে।

আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রায়ের বিরুদ্ধে আবেদনটি করা হয়। অ্যাডভোকেট অন রেকর্ড বখতিয়ার হোসেন আবেদনটি দায়ের করেন।

আবেদনকারীরা হলেন মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব।

রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলো ডটকমকে বলেন, রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের কপি আমাদের দেওয়া হয়েছে। আজ দুপুরে চেম্বার বিচারপতির আদালতের এই আবেদনের ওপর শুনানি হওয়া কথা।

গত বৃহস্পতিবার আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। ১৯২৬ সালের আদালত অবমাননার আইন রহিত করে ২৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন।

প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ এপ্রিল আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারা সংবিধানের ১০৮, ১১২ ও ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভুত।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও সরকারি কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা বিবেচনায় রেখে সরকার আইনটি প্রণয়ন করেছিল। আদালত আইনটি বাতিল ঘোষণা করেছেন। সরকার এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

হাইকোর্টের দেওয়া ওই রায়ের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে আজ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।