হাইকোর্টের রায় বাস্তবায়নে ঢিলেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পার হলেও যৌন হয়রানি রোধে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা বাস্তবায়নে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। গত বছর ১৪ মে হাইকোর্টের দেওয়া ওই রায়ে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত পরিচালনা ও সুপারিশ করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি মন্ত্রণালয়, বিভাগ ও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে কমিটি গঠন করতে হবে। কমপক্ষে পাঁচ সদস্যের এ কমিটির বেশির ভাগ সদস্য হতে হবে নারী।্রতাঁদের দুজন সদস্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে অন্য প্রতিষ্ঠান থেকে নিতে হবে এবং সম্ভব হলে কমিটির প্রধান হবেন নারী।কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই রায়ে আরও বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্যাতনের শিকার ও অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাবে না। এ বিষয়ে সংসদে আইন তৈরি না হওয়া পর্যন্ত এই রায়ই আইন হিসেবে কাজ করবে এবং সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের দেওয়া দিকনির্দেশনামূলক রায়টি পালন করা বাধ্যতামূলক।২০০৮ সালের ৭ আগস্ট জনস্বার্থে ওই রিটটি করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নির্বাহী পরিচালক সালমা আলী। কিন্তু হাইকোর্টের দেওয়া রায়টি বাস্তবায়িত না হওয়ায় চলতি বছর ৮ মার্চ বিএনডব্লিউএলএ হাইকোর্টে মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, শিক্ষাসচিব, তথ্যসচিব, যোগাযোগসচিব, মহিলা ও শিশুবিষয়কসচিব, শ্রমসচিব, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি, আইজিপি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।এরপর ২৫ মার্চ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি দুই সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে জানাতে নির্দেশ দেন। বিএনডব্লিউএলএর প্রেসিডেন্ট ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, রায় বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, বিজিএমইএ, মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৭ মে রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেয়। অন্যদের পক্ষ থেকে আরও দুই সপ্তাহ সময় চাওয়া হয়।তবে বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এখনো অনেক প্রতিষ্ঠান হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করেনি। শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিকেএমইএ ও বাংলাদেশ বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানও কমিটি গঠন করেনি।জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে এখনো কমিটি গঠন করা হয়নি বলে জানান।শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানের মতে, মন্ত্রণালয়ের এ ধরনের কমিটি গঠন করার কথা না। মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রতিষ্ঠান আছে তাদের কমিটি গঠন করার কথা।তবে ফাওজিয়া করিম বলেন, মন্ত্রণালয় নিজেও একটি প্রতিষ্ঠান, সেই হিসেবে অভিযোগ কমিটি তাদেরও গঠন করতে হবে। আর তাদের অধীনের অন্যান্য প্রতিষ্ঠানকে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছে কি না, তাও জানায়নি শিক্ষা মন্ত্রণালয়।অবশ্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমীতে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, মন্ত্রণালয়ে কর্মরত নারীদের অভিযোগ জানানোর জায়গা থাকা দরকার। বিএনডব্লিউএলএর তথ্যমতে, এর বাইরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ২১ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কেয়ার বাংলাদেশ, চট্টগ্রাম ইপিজেড হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করেছে।