হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নিপুণের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়িকা নিপুণ
ছবি: প্রথম আলো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।

এর আগে গতকাল বুধবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণার আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায় স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে বলে জানান নিপুণের অন্যতম আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি প্রথম আলোকে বলেন, আগামী রোববার আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় থাকার কথা।

এর আগে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ভোরে প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।

এমন প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠি ও আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। প্রাথমিক শুনানি নিয়ে ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে ২ ফেব্রুয়ারির চিঠি ও ৫ ফেব্রুয়ারির আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গতকাল রায় দেন হাইকোর্ট। এর ফলে জায়েদ খানের সম্পাদক হিসেবে দায়িত্বপালনে বাধা কাটে। এ অবস্থায় সাধারণ সম্পাদকের পদ ফিরে পেতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আজ আপিল বিভাগে আবেদন করলেন নিপুণ।