হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের শুনানি ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা আবেদনের ওপর শুনানি হবে ১৮ জানুয়ারি। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন শুনানির দিন নির্ধারণ করেন।৩ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খোন্দকার দেলোয়ার হোসেন ও তিন আইনজীবীর করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।গতকাল আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দেলোয়ারের পক্ষে টি এইচ খান ও তিন আইনজীবীর পক্ষে মওদুদ আহমদ মামলা পরিচালনা করেন।মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, লিভ টু আপিল দায়ের করার সময় স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। ওই সময় হাইকোর্টের রায় স্থগিত থাকায় স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন মনে করেননি আদালত। স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে আবেদনটি পেশ করা হয়েছে। আদালত ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন লিভ টু আপিলের ও স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের ওপর শুনানি হবে।