হাইকোর্টের রায় ৬ সপ্তাহ স্থগিত কর্তৃপক্ষও চিকিৎসকদের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পাওয়া ১৪৩ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। চিকিৎসকদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এ স্থগিতাদেশ দেন। এ দিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়োগ অবৈধ হওয়া চিকিৎসকেরা মানববন্ধন করেন।অন্যদিকে হাইকোর্টের রায়ে নিয়োগ অবৈধ হওয়া ২৩৬ চিকিৎসকের চাকরিচ্যুতির কথা ভাবছে না বিএসএমএমইউ কর্তৃপক্ষও। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও একাধিক পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।উপাচার্য প্রাণ গোপাল প্রথম আলোকে বলেন, তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন না মেনে এসব চিকিৎসকের নিয়োগ দিয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে চিকিৎসকেরা নিজেরা কোনো অনিয়ম করেননি। তাঁদের মধ্যে অনেক মেধাবী চিকিৎসক আছেন। চাকরিচ্যুত করলে অনেকের প্রতি অবিচার করা হবে।জানা যায়, চিকিৎসক নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৫ সালের ১৮ অক্টোবর সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর কর্তৃপক্ষ ২৩৬ জন চিকিৎসককে (মেডিকেল অফিসার) নিয়োগ দেয়। আইন-বহির্ভূতভাবে এসব নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট ২৩৬ চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন।২৩৬ চিকিৎসকের মধ্যে ১৪৩ জনের পক্ষে আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদনটি করেন আইনজীবী এম জহির। প্রথম আলোকে তিনি বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। এর অর্থ, রায় ঘোষণার আগে চিকিৎসকেরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন, সেভাবে কাজ চালিয়ে যাবেন। অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, ‘কর্তৃপক্ষের অবৈধ প্রক্রিয়ার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম, কোনো ব্যক্তি বা চিকিৎসকের বিরুদ্ধে নয়। আমি এখনো সেই অবস্থানে আছি।’ বিশিষ্ট চিকিৎসক ও বিএসএমএমইউয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, নিয়োগে অনিয়ম কিছু হয়ে থাকলে তার জন্য দায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, চিকিৎসকেরা নন। ওই চিকিৎসকদের অনেকের সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়স নেই। অনেকের পরিবার তাঁদের ওপর নির্ভরশীল। সামাজিক মর্যাদার বিষয়টিও বিবেচনা করা উচিত।