এক যুগ আগে গাজীপুরে আওয়ামী লীগের সাংসদ ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় করা মামলায় হাইকোর্টের রায় হয়েছে গতকাল বুধবার। রায়ে ছয়জনের ফাঁসি, সাতজনকে যাবজ্জীবন ও ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। তবে ওই রায়ে সন্তুষ্ট নন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী।
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর মা রুছমতুন্নেছাও। তিনি প্রথম আলোকে বলেন, ‘১২ বছর আগে আমার ছেলেরে মারছে। আগের রায়ে ২২ জনের ফাঁসির রায় ছিল। এখন কেন ছয়জনে নামানো হলো? আবার কাউকে খালাসও দেওয়া হলো। আমি সব আসামির ফাঁসি চাই। সব আসামির ফাঁসির দাবিতে সর্বোচ্চ আদালতে যাব। প্রয়োজনে শেখ হাসিনার কাছে যাব।’
আহসান উল্লাহ মাস্টারের চাচা আবদুল করিম ভূঁইয়াসহ অনেক আত্মীয় ও সুহৃদ রায় ঘোষণার আগেই তাঁর বাড়িতে অপেক্ষা করছিলেন। তাঁরা জানান, সব আসামির ফাঁসির রায়ের অপেক্ষায় ছিলেন। প্রত্যাশা ছিল ২২ জনের ফাঁসির রায় বহাল থাকবে। এখন সেখানে আবার ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে স্বজনেরা সন্তুষ্ট নন।
এলাকাবাসী বলছেন, আদালতের এ রায়ে তাঁরা মর্মাহত। তাঁরা আদালতের কাছে ন্যায়বিচার পাননি।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। এ ঘটনায় করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে মামলার আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে আল আমিন ও রতন ওরফে ছোট রতন নামের দুজন মারা গেছেন। বাকি ২৬ জনের মধ্যে ১৭ জন কারাগারে আটক, নয়জন পলাতক। গতকালের রায়ে আদালত মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে সাতজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
আসামিপক্ষের প্রতিক্রিয়া: নূরুল ইসলাম সরকারের বড় ভাই সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার ভাই নির্দোষ। আমরা সুবিচার পাইনি। আমরা উচ্চতর আদালতে যাব।’