হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি চলছে। পঞ্চম দিনের মতো শুনানিতে গতকাল সোমবার অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ তিন আইনজীবী ফতোয়ার ওপর অভিমত দেন।ফতোয়া ব্যক্তিগত অভিমত উল্লেখ করে শুনানিতে আইনজীবী রফিক-উল হক বলেন, ‘এটা নির্বাহী আদেশ নয়। ফলে ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়া হলে সেটা হবে ফৌজদারি অপরাধ। সবার মতামত দেওয়ার অধিকার আছে। কেউ ইচ্ছা করলে এটা গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন। আমাদের দেশে গ্রামের মানুষ ফতোয়াকে বাধ্যবাধকতা বলে মনে করে। এ জন্য তাদের সচেতন করে তুলতে হবে।’জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান বলেন, ফতোয়া থাকলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে, এটা ঠিক নয়। ফতোয়ার জন্য কতটা নির্যাতন হচ্ছে, যৌতুক ও ইভ টিজিংয়ের জন্য কতটা নির্যাতন হচ্ছে—এটা ভেবে দেখা প্রয়োজন। হাইকোর্টের রায়ে পুরো ফতোয়া অবৈধ ঘোষণা করা হয়। এটা উদ্দেশ্যমূলক অভিহিত করে তিনি বলেন, কারণ ওই ঘটনার সঙ্গে পুরো ফতোয়ার ব্যাপার জড়িত ছিল না। একটি ঘটনা ছিল। এ ক্ষেত্রে ১০২ অনুচ্ছেদের অপব্যবহার হয়েছে বলে তিনি মত দেন।আইনজীবী এম জহির বলেন, ফতোয়ার নামে ব্যক্তি অধিকারের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। ফতোয়ার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারও অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। এটা সংবিধান অনুমোদন করে না। উদাহরণ টেনে তিনি বলেন, অন্যের বিষয়ে হস্তক্ষেপ হয় এমন ফতোয়া অনুমোদনযোগ্য নয়।২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ফতোয়াকে অবৈধ ও আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ ওই বছরই আপিল করেন।