হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের করা আপিলের ওপর আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার শুনানি গ্রহণ করেন। প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে উপস্থাপন করে। আগামী বুধবার শুনানির পরবর্তী দিন রাখা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ প্রথম আলোকে বলেন, শুনানিতে পেপারবুক থেকে মামলার এজহার, অভিযোগপত্র, স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়। পরে হাইকোর্টের রায় থেকে পড়া শুরু করেছি। আগামী বুধবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

২০১২ সালের ৫ মার্চ গুলশানে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। ওই ঘটনায় ৭ মার্চ গুলশান থানায় মামলা করে পুলিশ। একই বছরের ৩০ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পাঁচ আসামির মধ্যে সেলিম চৌধুরী শুরু থেকে পলাতক।

নিম্ন আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এর ওপর শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

রায়ে এক আসামির মৃত্যুদণ্ড বহাল, তিন আসামির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে খালাস দেওয়া হয়। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির মধ্যে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল থাকে। অপর তিন আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম খোকনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। খালাস পান অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ।

আইনজীবী সূত্র বলেছে, এক আসামিকে খালাস ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামি সাইফুল ২০১৪ সালে আপিল করেন। এসব গতকাল শুনানির জন্য তালিকায় ছিল।