হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য কার্যতালিকায়
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপর শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে। আপিল আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশিত আপিল বিভাগের আজকের দৈনন্দিন কার্যতালিকায় বিষয়টি আট নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রয়েছে। জানা যায়, ১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ-কার্যালয়ে রুবেল মারা যান। এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকার রুবেল হত্যা তদন্তের জন্য বিচারপতি হাবিবুর রহমান খানের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের পক্ষে কয়েকটি সুপারিশ করে। কিন্তু দীর্ঘ সাত বছরেও তা বাস্তবায়ন হয়নি। এ প্রেক্ষাপটে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট করে। ওই বছরের ২৯ নভেম্বর আদালত সরকারের প্রতি রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের পর: হাইকোর্টের ওই রায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়। এ জন্য বেঁধে দেওয়া হয় ছয় মাসের সময়সীমা। আর ধারা সংশোধনের আগে এ ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে সরকারকে বলা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিগত চারদলীয় জোট সরকার। এতে বলা হয়, এ দুটি ধারা সংশ্লিষ্ট যে আইনে রয়েছে তা যথেষ্ট ও সঠিক। এ জন্য আইন প্রণয়ন বা সংশোধনের কোনো প্রয়োজন নেই। এ ছাড়া সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট আইন সংশোধনের কোনো নির্দেশ দিতে পারেন না। ২০০৪ সালে আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন। তবে হাইকোর্টের ওই নির্দেশনাগুলো স্থগিত করেননি। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। তবে আপিল ২০০৭ ও ২০০৮ সালে দুবার শুনানির জন্য কার্যতালিকায় এলেও শুনানি হয়নি বলে জানা গেছে। দুই পক্ষের বক্তব্য: সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিল শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। সরকারের পক্ষ শুনানিতে অংশ নেবে। আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুরের সময় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা প্রতিপালন করতে বলা হয়েছে। এটি অনুসরণ করা হচ্ছে। এখন আপিলে সাংবিধানিক প্রশ্নের নিষ্পত্তি হবে। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কৌঁসুলি সারা হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ৫৪ ও ১৬৭ ধারা সংশোধন করাসহ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের দুটি ধারা ছয় মাসের মধ্যে সংশোধন করতে বলা হলেও সাত বছরেও তা বাস্তবায়ন হয়নি। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করা হয়। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে দেওয়া নির্দেশনাগুলো স্থগিত হয়নি। এখন আপিল শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর মধ্য দিয়ে আইন সংশোধনের বিষয়ে আদালত নির্দেশ দিতে পারেন কি না, এ প্রশ্নের নিষ্পত্তি হবে। তবে আদালতের নির্দেশনা অনুসরণ করে আইনে সংশোধনী আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।