হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করেছে সরকারপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে সরকারপক্ষ। গতকাল রোববার দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হয়।যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আজ চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।গত ৪ ফেব্রুয়ারি এক রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন।সচিবের প্রতিক্রিয়া: গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাপন-সচিব ইকবাল মাহমুদ বলেন, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে জনগণের লাভ-ক্ষতির কোনো প্রশ্ন জড়িত নেই। প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের লাভ-ক্ষতি বিবেচনা করে কাজ করে থাকেন। সুতরাং যেখানে জনগণের লাভ-ক্ষতির কোনো প্রশ্ন নেই, তাই এ নিয়ে আমরা কিছু ভাবছি না।’সংশোধন: গতকাল রোববার প্রথম আলোয় ‘রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত ও বসা নিয়ে বিতর্ক’ শিরোনামে প্রকাশিত খবরে বাংলাদেশ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এ-বিষয়ক কার্যক্রম সম্পর্কে কিছু উল্লেখ নেই বলা হয়েছে। প্রকৃতপক্ষে ১৯৮৮ সালের ২ অক্টোবর সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বলা আছে, রাষ্ট্রের যেকোনো অনুষ্ঠান বা অন্য যেকোনো ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।