চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির (লিভ টু আপিল) আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ।গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ এপ্রিল আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় পাহাড়তলীতে শত শত মানুষকে গণকবর দেওয়া হয়। ১৯৯৯ সালে ওই বধ্যভূমির স্মৃতি রক্ষার্থে তৎকালীন সরকার জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। এরপর জোট সরকারের আমলে এ প্রকল্পটি বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসীর মামুন ও মিলি রহমানসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট নিষ্পত্তি করে ২০০৯ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, সরকার চাইলে জমিটি অধিগ্রহণ করতে পারে।রিট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই রায়ের বিরুদ্ধে আপিল অনুমতি চেয়ে (নিয়মিত লিভ টু আপিল) রিট করে আবেদনকারীপক্ষ। পরবর্তী সময়ে গত ৬ জুন আপিল বিভাগ চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে কমিটি গঠন করে বধ্যভূমির সীমানা নির্ধারণের কথাও বলা হয়েছে। গতকাল লিভ টু আপিলের ওপর শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও বিবাদীপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক মামলা পরিচালনা করেন। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের নির্দেশ অনুসারে মেজর জেনারেল কে এম সফিউল্লাহর নেতৃত্বে বধ্যভূমির সীমানা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়। সাত সদস্যের ওই কমিটি ১ দশমিক ৭৫ একর জমিতে বধ্যভূমি চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করে। আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছেন। এক সপ্তাহের মধ্যে পক্ষদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।