পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর আবার শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বঙ্গবন্ধু হত্যা মামলায় খুনিদের রায় পুনর্বিবেচনা বিষয়ে আদেশের পর এই লিভ টু আপিলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী লিভ টু আপিল দায়ের করেন। লিভ টু আপিলের ওপর ২০ ও ২১ জানুয়ারি খোন্দকার দেলোয়ারের আইনজীবীর বক্তব্য দেওয়ার পর তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ বক্তব্য উপস্থাপন শুরু করেন।গতকাল দুপুর সোয়া ১২টায় শুনানিতে মওদুদ আহমদ বলেন, মুন সিনেমা হলের মালিকানা নিয়ে রিট করা হয়। মুন সিনেমা হল ফেরত দিতে বলা হয়েছিল। সংবিধান ও আইনকে স্পর্শ না করে সিনেমা হল ফেরত দেওয়া যেত। তিনি বলেন, পঞ্চম সংশোধনী না হলে দেশে একদলীয় শাসন থেকে যেত। বিচার বিভাগ, সংবাদপত্রের স্বাধীনতা থাকত না। বিচারপতিদের হাতে ক্ষমতা থাকত না। এমনকি সংসদেরও ক্ষমতা থাকত না। হাইকোর্টের রায় আবেগতাড়িত অভিহিত করে তিনি বলেন, ‘আমাদের বিচারিক আদর্শ অনুসরণ করতে হবে। হাইকোর্ট সংবিধান সংশোধন করতে পারেন না। হাইকোর্টের রায়ে পঞ্চম সংশোধনীর কিছু মার্জনা করা হয়েছে, কিছু বহাল রাখা হয়েছে। সংবিধানের কোথায় হাইকোর্টকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।’শুনানিতে মওদুদ আহমদ বলেন, মার্শাল ল হলো গণতন্ত্রে উত্তরণের ছাতা। তত্ত্বগতভাবে এটি খারাপ হলেও বাস্তবে ভিন্ন। আদালত বলেন, ‘মার্শাল ল আমরা সমর্থন করতে পারি না।’ জবাবে মওদুদ আহমদ বলেন, ‘যদি এসে যায়, তাহলে কী করবেন?’ আদালত বলেন, যাতে না আসতে পারে...। প্রত্যুত্তরে মওদুদ বলেন, কেউই মার্শাল ল চায় না, তাই লিভ টু আপিল মঞ্জুর করে শুনানি করা সমীচীন। আদালত জানতে চান, আজ তাঁর বক্তব্য দেওয়া শেষ হবে কি না? জবাবে মওদুদ বলেন, ‘নিশ্চয়তা দিতে পারছি না। এত তাড়াহুড়োর কী আছে?’ তিনি আরও বলেন, রায়ে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সংবিধানের মূল কাঠামো ও মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু এগুলো মুক্তিযুদ্ধের চেতনা নয়। বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অষ্টম সংশোধনী মামলা (১৯৮০ ডিএলআর) বলেছেন কোনগুলো সংবিধানের মূল কাঠামো। হাইকোর্টের রায়ে অনেক অসামঞ্জস্য ও বৈপরীত্য রয়েছে বলে তিনি দাবি করেন। শুনানির শেষ পর্যায়ে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানির সময়সীমা নিরূপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর আদালত আজ শুনানি হবে বলে জানান।আদালতে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, এই মামলায় নিয়োজিত রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।