হাইকোর্টের রুল, জেসমিনের জামিন কেন বাতিল নয়
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ জেসমিনের জামিন বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল দেন।
তিন সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও জেসমিন ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৪ আগস্ট প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে ওই ১১ মামলায় জেসমিনের জামিন মঞ্জুর করেন নিম্ন আদালত। জেসমিনের জামিন বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধিতে দুদক এই আবেদন করে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জেসমিনের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল মামলা পরিচালনা করেন।
শুনানিতে খুরশীদ আলম খান বলেন, মামলাগুলো তদন্তাধীন। এ পর্যায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে এসব মামলায় জামিন দেওয়া সমীচীন হয়নি। ১০০ কোটি টাকার শর্তে জামিন দেওয়া আইনসম্মত হয়নি। আদালত বলেন, কবে জামিনে মুক্তি পেয়েছেন। জবাবে খুরশীদ আলম খান বলেন, ৪ আগস্ট মুক্তি পান। পরে আদালত রুল জারি করেন।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন ও সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।
জেসমিনের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ অক্টোবর জেসমিনকে গ্রেপ্তার করা হয়। গত ৭ ফেব্রুয়ারি তিনি ১১ মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান।
ওই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ১১টি মামলায় জেসমিনের জামিন বাতিল করেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক।