হাইকোর্টের রুল নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রাখা কেন অবৈধ নয়
নিরাপত্তা হেফাজতের নামে নির্যাতিত ব্যক্তিকে (ভিকটিম) কারাগারে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারকে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্যাতিতদের জন্য প্রকৃত অর্থে নিরাপত্তা হেফাজত তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। স্বরাষ্ট্র, আইন ও নারী কল্যাণবিষয়ক সচিব, পুলিশের মহাপরির্দশক, রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যানসহ ১২ জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে ৪ জুন একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় ১৯ মে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে ২২ বছরের এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের কথা বলা হয়। আটক অবস্থা থেকে পালিয়ে ধর্ষণের শিকার ওই তরুণী ৩১ মে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই দিন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে কারাগারে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করলে বিচারক তাঁকে কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেন। নিরাপত্তা হেফাজতের নামে নির্যাতিতদের কারাগারে আটক রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই রিট করেন। শুনানিতে মাহবুব শফিক বলেন, নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রাখা মানবাধিকারের লঙ্ঘন। তরুণীকে আটক রেখে ধর্ষণ করা হয়। পরে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে আটক রেখে দ্বিতীয় দফা নির্যাতন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল কেবল নির্যাতিত ব্যক্তিকে কারাগারের বাইরে নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দিতে পারেন। ম্যাজিস্ট্রেটের নির্যাতিতকে নিরাপত্তা হেফাজতে এবং একইসঙ্গে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানোর এখতিয়ার নেই। মেয়েটি অভিযুক্ত নয়, কিন্তু তাঁকে দণ্ডিত ও অভিযুক্তদের সঙ্গে রাখা হয়েছে। যা নির্যাতনের পর্যায়ে পড়ে। অথচ অভিযুক্তদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন। প্রাথমিক শুনানি গ্রহণ করে আদালত রুল জারিসহ পাঁচ দফা নির্দেশনা দেন।যোগাযোগ করা হলে বিকেলে ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে জানান, দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতের নির্দেশ অবহিত করা হয়েছে। রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন মঙ্গলবার বিকেলের মধ্যেই তরুণীকে নিরাপদ হেফাজতে নিয়ে যাওয়া হবে।