হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত এখনই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের চিন্তাভাবনা চলছে। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, এটি কেমন হয়। আমি হ্যাঁ অথবা না বলতে পারছি না। হাততালি পাওয়ার জন্য কোনো ঘোষণা এখনই দেব না। বিষয়টি গুরুত্বসহকারে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনই জানাতে পারছি না।’ 
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে তিনি বলেন, এখন শুধু চট্টগ্রাম নয়, সিলেট, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন বিভাগে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি উঠেছে। চট্টগ্রামে একসময় সার্কিট বেঞ্চ ছিল। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।
মতবিনিময় সভায় চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন ও মামলা জট কমানোর জন্য শূন্য পদে বিচারক নিয়োগ দিতে প্রধান বিচারপতিতে অনুরোধ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাজাহান কবির, চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম মুন্সী মশিয়ার রহমান এবং বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল।
আইনজীবীদের বাদ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘কিছু মিডিয়া, বুদ্ধিজীবী বলেন বিচারকেরা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটি সত্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষ্য শেষ করে বিচারকেরা মামলা নিষ্পত্তি করবেন। কিন্তু বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারকেরা বিচার করতে পারবেন না।’
দেশে ৩১ লাখ মামলা বিচারাধীন থাকলেও পৃথিবীর অন্য দেশের তুলনায় এ সংখ্যা বেশি নয় বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। এমনকি ভারতের তুলনায়ও দেশে মামলার সংখ্যা কম।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার বিভাগের আধুনিকায়ন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০১৪ সালের চেয়ে ৫০ ভাগ মামলা বেশি নিষ্পত্তি করা যাবে।
মতবিনিময় সভার আগে প্রধান বিচারপতি বেলা ১১টার দিকে চট্টগ্রাম আদালত পরিদর্শনে আসেন। তিনি বিভিন্ন আদালতের এজলাসে ঢুকে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মতবিনিময় সভা শেষে দুপুরে আবার পরিদর্শনে যান। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিচারিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি।
তদন্তে ত্রুটি: র‌্যাবের অনেক মামলায় তদন্তে ত্রুটি-বিচ্যুতি থাকে। এ জন্য র‌্যাব-পুলিশসহ সবাইকে মামলার প্রতিবেদন দেওয়ার আগে সরকারি কৌঁসুলিদের মতামত নেওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি। নগরের সার্কিট হাউসে অনুষ্ঠিত জুডিশিয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন। গতকাল বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সভা হয়।
সভায় উপস্থিত থাকা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে র‌্যাবের অনেক মামলায় তদন্তে ত্রুটি-বিচ্যুতি থাকার কথা জানান। এ জন্য র‌্যাব-পুলিশসহ সবাইকে মামলার প্রতিবেদন দেওয়ার আগে সরকারি কৌঁসুলিদের মতামত নিতে নির্দেশ দেন। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে চিকিৎসা সনদ না দিতে বলেছেন প্রধান বিচারপতি।
সভা শেষে চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে একটি কল্যাণকর রাষ্ট্র করতে শুধু বিচার বিভাগের ওপর নির্ভর না করে সবাইকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছেন।