হাইকোর্টের ১৩টি বেঞ্চ পুনর্গঠন
হাইকোর্টের ১৩টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে বেঞ্চগুলোর বিচারিক এখতিয়ারে। প্রথা অনুসারে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এসব বেঞ্চ পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন করেন। পুনর্গঠিত বেঞ্চগুলো সুপ্রিম কোর্টের অবকাশ শেষে ২৬ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন। ১৪ সেপ্টেম্বর বেঞ্চ পুনর্গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার পুনর্গঠিত বেঞ্চগুলোর তালিকা সুপ্রিম কোর্টের ডিক্রি শাখার সামনের দেয়ালে সেঁটে দেওয়া হয়। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারিক এখতিয়ারে পরিবর্তন এনে ভ্যাট, কাস্টমস ও কর-সংক্রান্ত রিট ছাড়া দুদক-সংক্রান্ত রিটসহ সব রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। একই ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত বেঞ্চকে।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে ভ্যাট, কাস্টমস, কর ও দুদক-সংক্রান্ত রিট মোশনসহ এ-সংক্রান্ত বিষয় পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। দুদক ব্যতীত একই ধরনের বিষয়াদি পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চকে।সব রিট মোশন, হাইকোর্ট বিভাগ ও এর অধীন আদালত অবমাননার অভিযোগপত্র শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত পৃথক বেঞ্চকে।বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ-সংক্রান্ত রিটসহ সব রিট মোশন ও এ-সংক্রান্ত বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণসংক্রান্ত (ডেথ রেফারেন্স) মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল-সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করবেন বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ। ফৌজদারি মোশন ও এ-সংক্রান্ত বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চকে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের বেঞ্চকে ভ্যাট, কাস্টমস, কর ও দুদক-সংক্রান্ত রিটসহ সব রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। ভ্যাট, কাস্টমস ও কর ব্যতীত দুদক এবং অর্থঋণ আইনসংক্রান্ত রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বেঞ্চকে।