হাইকোর্টের ২৩টি বেঞ্চ পুনর্গঠন
হাইকোর্টের ২৩টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করে বিচারিক এখতিয়ারে পরিবর্তন আনা হয়েছে। প্রথানুসারে, প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এসব বেঞ্চ পুনর্গঠন করেন। পুনর্গঠিত বেঞ্চগুলো সুপ্রিম কোর্টের অবকাশ শেষে ৪ জুলাই থেকে কাজ শুরু করবেন। গত ২৮ জুন এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার পুনর্গঠিত বেঞ্চগুলোর তালিকা সুপ্রিম কোর্টের ডিক্রি শাখার সামনের দেয়ালে সেঁটে দেওয়া হয়। পুনর্গঠিত বেঞ্চের মধ্যে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে ফৌজদারি মোশনের পরিবর্তে সব রিট মোশন পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। রিট মোশন শুনানির ক্ষমতা অপরিবর্তিত রেখে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চকে ফৌজদারি মোশন ও আপিল বিষয়াদি শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে।কনিষ্ঠ বিচারপতি পরিবর্তনের পাশাপাশি বিচারিক এখতিয়ারে পরিবর্তন আনা হয়েছে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চের। বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চকে ফৌজদারি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে ফৌজদারি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পুনর্গঠিত বেঞ্চের মধ্যে ভ্যাট, কাস্টমস কর-সংক্রান্ত রিট বিষয়াদির পরিবর্তে ফৌজদারি বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত বেঞ্চকে। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের বিচারিক এখতিয়ার ঠিক রেখে কনিষ্ঠ বিচারপতি বদল করা হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী সমন্বয়ে গঠিত বেঞ্চকে রিট মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত পৃথক দ্বৈত বেঞ্চকে রিট শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করা হয়েছে। বিচারিক এখতিয়ার ও কনিষ্ঠ বিচারপতি পরিবর্তন করে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চকে দেওয়ানি মোশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারপতি এ এফ এম আলী আসগার ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সমন্বয়ে গঠিত বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করে ফৌজদারি আপিল, ফৌজদারি কার্যবিধির জামিন ও বাতিল আবেদন শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আবদুল হাই সমন্বয়ে গঠিত বেঞ্চকে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) সংক্রান্ত মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দেওয়ানি মামলা পরিচালনার জন্য ছয়টি একক বেঞ্চ গঠন করা হয়েছে। তাঁরা হলেন: বিচারপতি মো. দেলোয়ার হোসেন, বিচারপতি মো. আজিজুল হক, বিচারপতি মো. আব্দুস সামাদ, বিচারপতি এ কে এম আবদুল হাকিম, বিচারপতি সৈয়দা আফসার জাহান ও বিচারপতি বোরহানউদ্দিনকে ক্ষমতা দেওয়া হয়েছে।