হাইকোর্টের ৩৯টি বেঞ্চ গঠন ও পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩৯টি বেঞ্চ গঠন ও পুনর্গঠন করা হয়েছে। বিচারপতিদের বিচারিক এখতিয়ার পরিবর্তন এবং দায়িত্বও পুনর্বণ্টন করা হয়। প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম গত বৃহস্পতিবার এসব বেঞ্চ গঠন ও পুনর্গঠন করেন। এসব বেঞ্চ গতকাল রোববার কার্যক্রম শুরু করে।বেঞ্চ গঠন ও পুনর্গঠন করাকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে বিএনপির সমর্থক আইনজীবীরা তাঁদের বক্তব্য জানিয়েছেন। পুনর্গঠিত বেঞ্চগুলোর মধ্যে আলোচিত চারটির এখতিয়ার পরিবর্তন করা হয়েছে। পুনর্গঠনের আগে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সঙ্গে ছিলেন বিচারপতি মো. রইসউদ্দিন। ওই সময় তাঁদের এখতিয়ার ছিল ফৌজদারি মোশন ও আপিলসহ বিবিধ মোকাদ্দমা শুনানির। এই বেঞ্চে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অনেক রাজনীতিকের মামলা শুনানিপর্যায়ে ছিল। এখন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে বেঞ্চকে দেওয়ানি মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আগে বিচারপতি এ এফ এম আবদুর রহমানের সঙ্গে ছিলেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। এ বেঞ্চের এখতিয়ার ছিল ফৌজদারি মোশন, ফৌজদারি আপিলে জামিনসহ বিবিধ মামলা শুনানির। বিচারপতি আবদুর রহমান ‘ক্রসফায়ার’ নিয়ে রুল জারি করেছিলেন। এ ছাড়া গণজামিন দেওয়ার ঘটনা ঘটেছিল এই বেঞ্চে। এখন বিচারপতি আবদুর রহমানের নেতৃত্বে একক বেঞ্চকে আদিম বিভাগীয় বিষয়, মৃত ব্যক্তির বিষয়বস্তু ও বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারিক এখতিয়ার পরিবর্তন করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একক বেঞ্চকেও এসব বিষয় শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসংক্রান্ত রিট শুনানি হয়েছিল এই বেঞ্চে। এ ছাড়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রিট মোশন শুনানির ক্ষমতা ছিল। জাতীয় সংসদে আইন তৈরি নিয়ে এক সেমিনারে বক্তব্য দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এখন তাঁর ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ সমন্বয়ে গঠিত বেঞ্চকে প্রথম আপিল, বিবিধ আপিল ও দেউলিয়া-বিষয়ক আইনের অধীনে আপিল শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাদ পড়া ছয় বিচারপতিকে দ্বৈত বেঞ্চের নেতৃত্বে রাখা হয়েছে। তাঁরা হলেন বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হক, বিচারপতি মো. শামসুল হুদা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি নিজামুল হক নাসিম। বর্তমান সরকারের আমলে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এই ছয়জনের মধ্যে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চকে অর্থঋণ আদালত, ভ্যাট, কাস্টমস ও কর-সংক্রান্ত রিটসহ সব রিট শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হকের নেতৃত্বাধীন বেঞ্চকে অগ্রাধিকার ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ, ফৌজদারি ও জেল আপিল শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিএনপির সমর্থক আইনজীবীদের আলোচনা: গতকাল দুপুরে বিএনপির সমর্থক আইনজীবীরা বেঞ্চ গঠন ও পুনর্গঠন নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খানের ২২৯ নম্বর কক্ষে আলোচনা করেন। প্রায় ১০ মিনিটের আলোচনা শেষে টি এইচ খানের নেতৃত্বে খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক প্রধান বিচারপতির সঙ্গে তাঁর খাসকামরায় দেখা করেন। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা বেরিয়ে আসেন। এ বিষয়ে টি এইচ খান সাংবাদিকদের বলেন, বেঞ্চ পুনর্গঠন নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।