হাইতিতে কলেরা মোকাবিলায় আইসিডিডিআরবি
হাইতির কলেরা-পরিস্থিতি মোকাবিলায় সে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবিকাদের প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) প্রতিনিধিদল। কিছু ক্ষেত্রে কলেরা রোগীদের চিকিৎসাসেবাও দিচ্ছে দলটি।৯ নভেম্বর আইসিডিডিআরবির দলটি ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির উদ্দেশে রওনা হয়। ১০ সদস্যের এই দলে আছেন কলেরা বিশেষজ্ঞ, চিকিৎসক, অনুজীববিশেষজ্ঞ ও সেবিকা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় প্যান-আমেরিকান হেল্থ অর্গানাইজেশন (পাহো), যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও প্রজেক্ট হোপ—এই তিনটি সংস্থার মাধ্যমে আইসিডিডিআরবি প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দিচ্ছে।গতকাল মঙ্গলবার আইসিডিডিআরবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহোর হয়ে প্রদীপ কে বর্ধন হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স ও আশপাশের হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষণ দিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসক আজহারুল ইসলাম খান সিডিসির হয়ে স্বাস্থ্যকর্মীদের কলেরা ব্যবস্থাপনা কৌশল ও চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।দলের অন্য আট সদস্য প্রজেক্ট হোপের হয়ে হাইতির দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় লেস কেইস হাসপাতালের ৩৭ জন সেবিকা ও দুজন চিকিৎসককে প্রশিক্ষণ দেন। হাসপাতালে তাঁরা কলেরায় আক্রান্ত মানুষের চিকিৎসাও দিচ্ছেন।উল্লেখ, কলেরা মহামারিতে ইতিমধ্যে হাইতিতে এক হজার ২০০ জন মারা গেছে।