হাইতিতে চিকিত্সা দল ও ওষুধ পাঠানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ভূমিকম্প-দুর্গত মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সরকার ৩০ সদস্যের চিকিত্সা দল ও প্রয়োজনীয় ওষুধপত্র পাঠাচ্ছে। গতকাল শনিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি প্রস্তুতি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসের। চিকিত্সা দল যাতে আগামীকাল সোমবার সে দেশে যেতে পারে সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা ও সমন্বয় করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। চিকিত্সা দলে সশস্ত্র বাহিনী বিভাগের ২০ জন ও বেসামরিক স্বাস্থ্য বিভাগ থেকে ১০ জন সদস্য থাকছেন। তাঁরা একটি একক দল হিসেবে কাজ করবেন। দলে ২০ জন চিকিত্সক ও ১০ জন হেলথ টেকনিশিয়ান ও অন্যান্য সহায়ক কর্মী থাকবেন। তাঁদের সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র থাকবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিডি মিত্র, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, ওষুধ প্রশাসনসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।