হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার হাইদগাঁও উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির অদক্ষতা, অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে পরিচালনা কমিটি কেন ভেঙে দেওয়া হবে না তার কারণ দর্শানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নোটিশ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। একই সঙ্গে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার জন্য তাঁর বিরুদ্ধে (প্রধান শিক্ষকের) শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না তারও কারণ দর্শাতে বলা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক খোরশেদ আলম এই নোটিশ দেন। ৮ অক্টোবর প্রধান শিক্ষক আবদুল মান্নান নোটিশটি পেয়েছেন বলে স্বীকার করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের ১৩ জন শিক্ষক গত মে মাসে প্রধান শিক্ষক আবদুল মান্নানসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেন। ইউএনও রোকেয়া পারভীনের নির্দেশে পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) যতন মারমার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি বিষয়টি তদন্ত করেন। পরে ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনটি শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবদুল মান্নানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক আবদুল মান্নান ৮ সেপ্টেম্বর বলেন, ‘বিদ্যালয় পরিদর্শকের ২৬ সেপ্টেম্বর সই করা নোটিশটি আমি আজ হাতে পেয়েছি। যথাসময়ে নোটিশের জবাব দেব।’ প্রধান শিক্ষক দাবি করেন, তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ আনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।