হাইব্রিড আ.লীগ দিয়ে ভোট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইব্রিড আওয়ামী লীগ দিয়ে ভোট হবে না। কর্মীরা কেউ বলতে পারবেন না, তাঁরা শান্তিতে আছেন। রাজশাহীতে আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এবং অভ্যন্তরীণ কোন্দল ও সাংসদদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের দূরত্ব নিরসনে গতকাল বুধবার আয়োজিত দলটির এক প্রতিনিধি সভায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ মন্তব্য করেন।

প্রতিনিধি সভায় সাংসদদের পক্ষ থেকে তৃণমূল নেতা-কর্মীদের কাছে ক্ষমাও চাওয়া হয়। তবে, সভার প্রধান অতিথি তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, তাঁদের ক্ষমা করা উচিত নয়। গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এই প্রতিনিধি সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

প্রতিনিধি সভায় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলা সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ের দুজন এবং ইউনিয়ন পর্যায়ের একজন করে নেতা বক্তৃতা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জিন্নাতুন নেছা তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার জাহান, অনিল কুমার সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

দলীয় সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। দলের নতুন ভোট বাড়ানোর দরকার ছিল না। শুধু ওই জনপ্রিয়তা ধরে রাখলেই হতো। কিন্তু সাংসদেরা যখন হাইব্রিড আওয়ামী লীগ (অন্য দল থেকে আসা নেতা-কর্মী) নিয়ে চলাফেরা শুরু করলেন, তখন দলের ত্যাগী নেতা-কর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কেননা, দলের নেতা-কর্মীরা এর আগে তাঁদের হাতে নির্যাতিত হয়েছেন। এই হাইব্রিড আওয়ামী লীগ দিয়ে ভোট হবে না।

পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সাংসদদের কোনো সম্পর্ক নেই। নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়ছেই। আজ বুকে হাত দিয়ে কর্মীদের কেউ বলতে পারবেন না, তাঁরা শান্তিতে আছেন।

একই ধরনের অভিযোগ করেন দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকবর আলী, মোহনপুর উপজেলার বাকশিমোইল ইউনিয়নের আবদুল মান্নান প্রমুখ। তিন-চারবার কথা বলার অনুমতি চেয়ে না পেয়ে সভাস্থল ত্যাগ করেন বাঘা উপজেলার আলাইপুর ওয়ার্ডের সভাপতি লাল মাহমুদ।

তৃণমূল নেতাদের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ সাংসদদের পক্ষ থেকে হাত জোড় করে নেতা-কর্মীদের কাছে ক্ষমা চান।

সভায় প্রধান অতিথি আবদুল খালেক বলেন, ‘কর্মীরা যখন হাইব্রিড আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে সাংসদদের সমালোচনা করলেন, বেশ হাততালি পড়ল। তাতে বোঝা গেল, এটাই কর্মীদের মনের কথা। কিন্তু নেতারা যখন ক্ষমা চাইলেন, তখন আর কোনো হাততালি পড়ল না। এর মানে, কর্মীরা তাঁদের মাফ করেননি। কর্মীরাই যেহেতু ভোটের মালিক এবং তাঁরা মাফ করছেন না, তাই আমিও মনে করছি তাঁদের মাফ করা উচিত নয়।’

মুঠোফোনে আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘যা দেখলাম তাই বললাম। দলের নেতার তো অভাব নেই যে এসব ভাড়া করা অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রীকে কর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে।’ সভার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষ হওয়ার আগে সভাপতি কোনো বক্তব্য না রেখে অনুষ্ঠানের সঞ্চালককে অনুষ্ঠান শেষ করতে বলেন।