কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জিনগতভাবে পরিবর্তিত (জিএম) খাদ্য খেয়ে কোনো লোক মারা গেছে, এটা কেউ বলতে পারেনি। সরকার হাইব্রিড ও জিনগতভাবে পরিবর্তিত ফসল ভবিষ্যতেও উৎপাদন করবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় পুষ্টিনীতি ২০১৫ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বিয়াম মিলনায়তনে এই সভার আয়োজন করে।
বক্তব্যের শুরুতে মতিয়া চৌধুরী সরকারের, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে মানুষের সারাটা দিন চলে যেত শুধু খাবার জোগাড়ের জন্য। সেই পরিস্থিতি এখন নেই। দানাদার শস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এখন সারা বছর শাক-সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এসব পুষ্টি পরিস্থিতির উন্নতিতে অবদান রাখছে।
প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করার সময় মতিয়া চৌধুরী বলেন, হাইব্রিড সবজির চাষ প্রবর্তন করা হয়েছে। এর ফলে বছরজুড়ে যেকোনো সবজি পাওয়া যাচ্ছে। সরকার জিনগতভাবে পরিবর্তিত ফসল উৎপাদনে গেছে। এ নিয়ে অনেকে সমালোচনা করছেন। কিন্তু এটা কেউ বলতে পারেননি যে এই খাদ্য খেয়ে কেউ মারা গেছে। তিনি বলেন, যাদের মাইলের পর মাইল মাঠ পড়ে থাকে, তাদের সফল বাছাই করা বা বিকল্প খোঁজার সুযোগ আছে। এ দেশে সেই সুযোগ নেই। মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়ের মতামতসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে হাইব্রিড ও জিএম ফসল উৎপাদন করা হচ্ছে।
পুষ্টি নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও সরবরাহের গুরুত্ব তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। শিশু ও মায়ের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বয়স্ক মানুষের পুষ্টির বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, মানুষ যত দিন বেঁচে থাকে, তত দিনই তার প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হওয়া দরকার।
অনুষ্ঠানের প্রধান বক্তা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতিবিদদের অপুষ্টি দূর হওয়া দরকার। অপুষ্টির কারণে কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. কামরুল ইসলাম ‘জাতীয় পুষ্টিনীতি ২০১৫’-এর চুম্বক অংশগুলো তুলে ধরেন। পুষ্টিনীতিতে বলা হয়েছে, শৈশবকালীন অপুষ্টির হার বাংলাদেশে হ্রাস পাচ্ছে, তবে হ্রাস পাওয়ার গতি কম। অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী প্রতি পাঁচজনের দুজন খর্বকায়। এই হার ধনী জনগোষ্ঠী অপেক্ষা দরিদ্রদের মধ্যে দ্বিগুণ। দেশে ব্যাপক মাত্রায় অনুপুষ্টি-কণার (মাইক্রোনিউট্রিয়েন্ট) ঘাটতি রয়েছে।
পুষ্টিনীতির লক্ষ্য: জনগণের, বিশেষ করে মা, কিশোরী, শিশুসহ বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টি অবস্থার উন্নতি করা; অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এবং জীবনের মানোন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা। পুষ্টিনীতি বাস্তবায়নের জন্য ছয় দফা কৌশলের কথা এতে বলা হয়েছে। পুষ্টি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, নতুন অধ্যায় শুরু হয়েছে।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ আরও অনেকে বক্তব্য দেন। স্বাগত বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের নতুন পুষ্টিনীতি তৈরির প্রেক্ষাপট বর্ণনা করেন।