হাইব্রিড চাষ ও কীটনাশক ব্যবহার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরেও এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, হাইব্রিড ধানের প্রতি এবার কৃষকের আগ্রহ কমেছে, কমেছে কীটনাশকের ব্যবহার। মাঠপর্যায়ে কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় মোট এক লাখ ৭৯ হাজার হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২৬৭ হেক্টরে হাইব্রিড এবং এক লাখ ৫৫ হাজার ১৮৩ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের ধানের চাষ হয়েছে। গত বছর হাইব্রিড ধানের চাষ হয়েছিল ৪৫ হাজার হেক্টরে।বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহ আলম জানান, আগে কৃষক মনে করতেন, জমিতে বেশি করে ইউরিয়া ঢালতে পারলে ধানগাছের চেহারা ঘনকালো হবে। আর তাতে ধানের ফলন ভালো হবে। কিন্তু তাঁদের সেই ধারণা পাল্টেছে। সুষম মাত্রায় সার, কীটনাশক ও সেচ প্রয়োগসহ উত্তম ব্যবস্থাপনার ব্যাপারে কৃষকদের অনেক বেশি সচেতন করা গেছে।বীরগঞ্জের নওপাড়া গ্রামের কৃষক নোমান ফারুকুল ইসলাম জানান, গত বছর ১০ বিঘা জমিতে ইস্ট ওয়েস্ট কোম্পানির ‘হীরা’ ধান চাষ করেছিলেন। বিঘাপ্রতি ৪৫ মণ ধান হওয়ার গ্যারান্টি দিয়েছিলেন কোম্পানির প্রতিনিধিরা। কিন্তু পেয়েছিলেন ৩৫ মণ। অথচ উফশী ব্রি ধান বিঘাপ্রতি ফলেছে ৩৮ মণ। হাইব্রিডের চেয়ে ব্রি-২৯ ধানের বাজারমূল্য মণপ্রতি ৫০ থেকে ৮০ টাকা বেশি। এ কারণে চলতি মৌসুমে হাইব্রিড ধান চাষ করেননি তিনি।একই অভিজ্ঞতার কথা জানালেন বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কৃষক হামিদুর রহমান। তিনি বলেন, ব্রি ধান চাষ করা খুব কঠিন। সময়মতো এবং মাপমতো সার ও কীটনাশক দিতে হয়। নির্দিষ্ট দিনে দিতে হয় সেচ। সামান্য হেরফের সহ্য করে না হাইব্রিড ধান। কৃষকের পক্ষে এত স্পর্শকাতর ধান চাষ করা সম্ভব হয় না বলে জানান তিনি।মাঠপর্যায়ে কৃষক এবং উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞরা জানান, এবার বোরো চাষে লক্ষণীয় বিষয় হলো, হাইব্রিড ধানের ওপর কৃষকদের আগ্রহ কম দেখা গেছে। চাষের এলাকা কমেছে। ফলন বেশি হলেও হাইব্রিড ধানে রোগবালাই বেশি। কিন্তু এর বীজ পুরোপুরি প্রতিষ্ঠাননির্ভর। কৃষকেরা তা সংরক্ষণ করতে পারেন না। বাজারে হাইব্রিড ধান বা চাল—দুটোরই দাম মণপ্রতি গড়ে ১০০ টাকা কম। তা ছাড়া কম স্বাদ হওয়ার কারণে হাইব্রিড চালের ভাত মানুষ খেতে চায় না। এসব কারণেই কৃষকেরা হাইব্রিড ধানের ওপর থেকে ক্রমে ক্রমে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।দিনাজপুর শহরের পুলহাট বাণিজ্যিক এলাকার কীটনাশক ও বীজ বিক্রেতা আবদুর রশিদ সরকার বলেন, এসিআই-১ ও ২, হীরা, ময়না, টিয়া, সোনার বাংলা, ঝলক, দোয়েল, আফতাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাইব্রিড বীজ পুলহাটের বীজের ডিলাররা বিক্রি করেন। অন্যান্য বছরের তুলনায় এবার হাইব্রিড বীজ ২৫ ভাগ কম বিক্রি হয়েছে বলে দাবি করেন তিনি।পদ্মা অয়েল কোম্পানির রাসায়নিক বিভাগের (কীটনাশক) ডিলার মো. মোসাদ্দেক হোসেন, এজি মোল্লা অ্যান্ড সন্সের মোল্লা মো. রায়হান শরীফ, সেতু করপোরেশনের আবদুর রশিদ সরকার জানান, গত দুই দশকের মধ্যে চলতি বোরো মৌসুমে কীটনাশকের বিক্রি কমপক্ষে ২৫ ভাগ কম হয়েছে।কীটনাশকের ব্যবহার কম হওয়ার বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিকান্দার আলী বলেন, কৃষকেরা এবার জমিতে অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করেননি। নন-ইউরিয়া, বিশেষ করে পটাশ ও জৈব সারের ব্যবহার বেশি করেছেন। রোগবালাই প্রতিরোধ, সহনশীলজাত ও সবল বীজ ব্যবহার করেছেন।