হাইব্রিড ধান আবাদে বিপর্যয় ক্ষতিপূরণ পাচ্ছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের কৃষক শ্যাম মণ্ডল এবার বোরো আবাদে তিন বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান ‘মধুমতি-২’ চাষ করেছিলেন। নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে তাঁর পুরো জমির ধানের শীষ শুকিয়ে যায়। ওই জমি থেকে তিনি এক ছটাকও ধান ঘরে তুলতে পারেননি। ক্ষতিপূরণের আশায় কৃষি কর্মকর্তা এবং বীজ কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরে তিনি এখন হতাশ। শ্যাম মণ্ডল বলেন, ‘মধুমতি-২ ধান আমার সব শেষ করে দেছে। ওই ধানগাছ কেটে গরুরে খাইয়েছি। এক ছটাকও ধান পাইনি। ক্ষতিপূরণের আশায় ঘুরে ঘুরে এখন আমি ক্লান্ত।’ উপজেলার মধ্যপুর গ্রামের কৃষক তবিবর রহমান এবার বোরো আবাদে দুই বিঘা জমিতে তিনি সিনজেনটা কোম্পানির হাইব্রিড ধান ‘সুরমা’ লাগিয়েছেন। তাঁর খেতের বেশির ভাগ ধানগাছ থেকে শীষ বের হয়নি। বীজ কোম্পানির কাছ থেকে ছয় হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন তবিবর। তিনি বলেন, ‘বেশি ফলনের আশায় হাইব্রিড ধান চাষ করে শেষ হয়ে গিছি। ক্ষতিপূরণ পেয়েছি। কিন্তু ক্ষতির তুলনায় তা একবারেই কম।’কৃষক এবং বীজের বিক্রয় প্রতিনিধিদের সূত্রে জানা যায়, উপজেলায় এবার প্রায় এক হাজার বিঘা (এক হেক্টরে সাড়ে সাত বিঘা) জমিতে হাইব্রিড জাতের মধুমতি-২, সুরমা, মণিহার, তেজ ও ঝলক ধানের চাষ হয়েছে। মধুমতি-২ জাতের ধানের চাষ হয়েছে প্রায় ৫০০ বিঘা জমিতে। এর মধ্যে দুই শতাধিক বিঘা জমির ধান নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়। ওই সব ধানের বীজ চীনে উৎপাদিত। মধুমতি-২ বীজ আমদানি করেছে ঢাকার ইউনাইটেড সিড সেন্টার।উপজেলার লতিফ বীজ ভান্ডারের মালিক আবদুল লতিফ এলাকার কৃষকদের কাছে ৩২০ টাকা কেজি দরে ওই বীজ বিক্রি করেছেন। মধুমতি-২ ধানের স্থানীয় বিক্রয় প্রতিনিধি আবদুল লতিফ বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে আমি আমদানিকারকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’ ইউনাইটেড সিড সেন্টারের স্বত্বাধিকারী আবু তাহেরের মুঠোফোনে যোগোযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন। সিনজেনটা বীজ কোম্পানির স্থানীয় প্রতিনিধি মফিজুর রহমান বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কেজিপ্রতি বীজের বিপরীতে তিন হাজার টাকা করে ক্ষতিপূরণ দিয়েছি।’ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি পরিদর্শন দল গত ১১ এপ্রিল উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত হাইব্রিড ধানক্ষেত পরিদর্শন করেন। পরিদর্শন দলের প্রধান ও ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমরা মধুমতি-২ ধানের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। এটি নেক ব্লাস্ট রোগ। এটি একটি বীজবাহিত রোগ। পরিবেশেরও কিছুটা প্রভাব রয়েছে এই রোগে। এ ছাড়া সুরমা ধানের বীজও বিশুদ্ধ নয়। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিখিত সুপারিশ করেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বেশির ভাগ হাইব্রিড ধানের বীজ চীন থেকে আমদানি করা হয়। চীনের আবহাওয়ায় উৎপাদিত ওই বীজ দেশে এনে ঠিকমতো পরিশোধন করা হয় না। অনেক সময় দেশি আবহাওয়ার সঙ্গে ওই বীজ মানানসই হয় না। এর ফলে ধানের ফুলে ঠিকমতো পরাগায়ণ হয় না; ধানে চিটা হয়। নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হয় ধানগাছ।’ তিনি আরও বলেন, ‘উপজেলায় এবার বোরো আবাদে বেশ কিছু জমির হাইব্রিড ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পেতে পারেন, সে জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’