হাইব্রিড নেতাদের চেহারা দেখে মানুষ বিরক্ত: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খেতের ফসল মার খেলেও নেতার বাম্পার ফলন। এরা হাইব্রিড নেতা। এসব হাইব্রিড নেতার ডিজিটাল চেহারায় বাংলাদেশের সবুজ মাঠ, ফসল, নদী, পাহাড় দেখা যায় না। এই ডিজিটাল ও হাইব্রিড নেতাদের চেহারা দেখে মানুষ বিরক্ত।’ তিনি বলেন, যেসব জনপ্রতিনিধি জনস্বার্থ উপেক্ষা করে অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। আগামী নির্বাচনে তাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন না।
আজ শনিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
মন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ভোট দেবে আমাদের কাজের বিচার-বিশ্লেষণ করে। ডিজিটাল চেহারা, হোন্ডা গুনে, গেট গুনে গুনে কেউ ভোট দেবে না। সরকারের মেয়াদ আর মাত্র চার মাস, এরপর বেলা শেষ হয়ে যাবে।কিন্তু বেলা শেষ হওয়ার আগে জনগণের সঙ্গে  ভালো ব্যবহার করতে হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, হাইব্রিড নেতাদের কারণে আজ প্রকৃত নেতা একজনকেও খুঁজে পাওয়া যায় না।তিনি তাঁর ছবি ব্যবহার করে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিজিটাল পোস্টার, ব্যানার না বানিয়ে দেশকে ডিজিটালে রূপান্তর করুন।তিনি বলেন, ‘দেশে এখন নেতার ভিড়ে কর্মী খুঁজে পাওয়া যায় না। মনে হচ্ছে, দেশ নেতার কারখানা; সবাই নেতা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হক পাটোয়ারী। এতে বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ও অর্থনীতিবিদ জামাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম।