হাইব্রিড বীজে মেহেরপুরের কপিচাষিরা প্রতারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের প্রায় ১৫০ জন কপিচাষি এবার জাপানি রেরিব্যাল জাতের হাইব্রিড বীজ কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আশরাফুল ইসলাম জানান, আগাম চাষে ৬০ দিনে যে কপি প্রতিটির ওজন আড়াই থেকে তিন কেজি হওয়ার কথা, সেগুলো ৯০ দিন পেরিয়ে গেলেও এখনো গুটি হয়নি। গত বৃহস্পতিবার সদর উপজেলার শ্যামপুর, মগনাডাঙ্গা ও ফতেহপুর এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ কফিগাছে ভরে আছে। বেশ ঝাঁকাল গাছে বড় বড় সবুজ পাতা এসেছে। তবে অধিকাংশ গাছে গুটি ধরেনি। কিছু গাছে গুটি এলেও ওজনে ১০০ থেকে ১৫০ গ্রাম হবে। ফতেহপুর গ্রামের আবদুল বারী জানান, তিনি চার বিঘা জমিতে আগাম কপির চাষ করেছেন। স্থানীয় এজেন্ট বৈকুণ্ঠপুর গ্রামের এনামুল হক তাঁকে জাপানি রেরিব্যাল জাতের বীজ দেন। ১০ গ্রাম ওজনের প্রতি প্যাকেট বীজের মূল্য ২৫০ টাকা। বিঘাপ্রতি ছয় প্যাকেট বীজ বোনা হয়েছে। একই গ্রামের দীন মুহামঞ্চদ বলেন, ‘গতবার আগাম কপি করে লাভবান হই। তাই এবার গরু বিক্রি করে কপি চাষ করেছি। জমিতে কপিগাছের ব্যাপক ফলন হয়েছে। বড় বড় পাতা হয়েছে। কিন্তু ভেতরে কপির গুটি ফোটেনি।’দক্ষিণ শালিকা গ্রামের আবদুল আওয়াল জানান, তিনি এজেন্ট বারীর কাছ থেকে বীজ কিনে ২৫ বিঘায় কপি চাষ করেন। বিঘায় খরচ প্রায় ৩০ হাজার টাকা। ফলন হলে বিঘাপ্রতি আয় হতো ৬৫ থেকে ৭০ হাজার টাকা। এখন লাভ দূরের কথা লোকসান প্রায় আট লাখ টাকা। মদনাডাঙ্গা গ্রামের আবদুল হান্নান জানান, চাষিরা বীজ সরবরাহকারী দুই এজেন্টকে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। এজেন্ট এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ফরিদপুরের এক ডিলারের কাছ থেকে বীজ কিনেছিলাম। তবে, ডিলারের নাম জানি না। বীজটি নকল হতে পারে। তাই ফলন হয়নি।’ মেহেরপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ পরিদর্শক সোলেমান হোসেন জানান, বিস্তীর্ণ মাঠের আগাম কপির ফলন ভালো নয়। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখার হোসেন জানান, জেলায় আগাম কপি চাষ করে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন তথ্য তাঁর জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।