হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিন কেন বাতিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি কোন কর্তৃত্ববলে শিশু আদালতের বিচারক ওই উপজেলা চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এক আবেদনের শুনানি নিয়ে এই রুল দেন।

হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে দেওয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক একটি আবেদন করেন। আবেদনটির ওপর আজ শুনানি হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির। সঙ্গে ছিলেন আইনজীবী সারওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

পরে আইনজীবী সারওয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় নির্যাতনের মামলাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন। এই মামলায় অভিযোগপত্র দাখিল হয়নি। বিচারিক আদালতে জামিন না পেল আসামি দায়রা আদালতে যেতে পারেন। কিন্তু শিশু আদালতে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জামিন নিয়েছেন। এটি এখতিয়ারবহির্ভূত। এসব যুক্তিতে আবেদনটি করা হয়।

গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় মামলা করেন।