শিক্ষার্থীদের দিয়ে গড়া ‘মানবসেতুতে’ হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে কোন কর্তৃত্ববলে চাঁদপুরের শিশু আদালতের বিচারক ওই উপজেলা চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারককে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৩০ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতুর’ ওপর দিয়ে হেঁটে যান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।